চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি
খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…
ওটিএন বাংলা রিপোর্ট :
হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার চার প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁদের একজন নির্মল চন্দ্র বিশ্বাসের দাবি, অধ্যক্ষের কাছে পাওনা ১০ লাখ টাকা ফেরত চাওয়ার পর থেকেই তাঁকে ও অন্য শিক্ষকদের চাপে রাখার চেষ্টা চলছে। তবে অভিযোগপত্রের অনুলিপি সাংবাদিকদের কাছে সরবরাহের কারণ দেখিয়ে শোকজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
গত ২৪ নভেম্বর অধ্যক্ষ মোহন মিয়ার স্বাক্ষরিত পৃথক নোটিশে চার প্রভাষকের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। শোকজপ্রাপ্ত অন্য তিনজন হলেন জীববিজ্ঞান বিভাগের আলমগীর হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের হাবিবুর রহমান ও রসায়ন বিভাগের আকিবুর রহমান।
নোটিশে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, গত ১৬ সেপ্টেম্বর পরিচালনা কমিটির সভাপতির কাছে দেওয়া একটি অভিযোগপত্রের অনুলিপি কমিটির সিদ্ধান্ত জানানোর আগেই সাংবাদিকদের সরবরাহ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়।
শোকজপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাস অভিযোগ করেন, এমপিওভুক্তির জন্য শিক্ষা সচিবকে দেওয়ার কথা বলে অধ্যক্ষ মোহন মিয়া তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছিলেন। পরে তিনি জানতে পারেন, ওই টাকা অধ্যক্ষের ছেলের বিকাশ অ্যাকাউন্টে জমা হয়েছে।
নির্মল চন্দ্র বিশ্বাসের ভাষ্য, টাকা ফেরত চেয়ে তিনি স্থানীয় চেয়ারম্যান প্রার্থী আফজাল শাহ লিটনের কাছে বিচার দেন। এরপর থেকেই তাঁকে এবং অন্য শিক্ষকদের দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শোকজ করা হয়েছে।
শোকজপ্রাপ্ত শিক্ষকদের দাবি, প্রতিষ্ঠানের অনিয়ম আড়াল করতেই তাঁদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কোন শিক্ষক কোন সাংবাদিকের কাছে অভিযোগপত্রের অনুলিপি দিয়েছেন, নোটিশে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি বলেও অভিযোগ তাঁদের।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, ‘তাঁরা অভিযোগের কপি সাংবাদিকদের কাছে দেবেন কেন? এটি অন্যায় করেছেন, সে কারণেই শোকজ করা হয়েছে। পরিচালনা কমিটির নিজস্ব ক্ষমতাবলে আমরা শোকজ করেছি।’
মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অভিযোগ আমার কাছে রয়েছে। তারা পড়াশোনার চেয়ে রাজনীতির দিকে বেশি মগ্ন। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au