ধারের টাকা চাইতেই হবিগঞ্জের কলেজ শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাসকে শোকজ
ওটিএন বাংলা রিপোর্ট : হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার চার প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁদের একজন নির্মল চন্দ্র…
খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা এক ব্যক্তি মোটরসাইকেলে এসে দোকানের ভেতরে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ফার্মেসির মালিক এ বি এম দৌলতুজ্জামানের ছেলে জারিফুজ্জামান জারিফ গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর ডান পায়ের উরুতে গুলি লেগেছে।
আহত জারিফকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ফার্মেসিটির সামনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। যদিও অন্য দিনের মতো সেদিনও দোকানটিতে পুলিশি পাহারার ব্যবস্থা ছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশাচালক ওয়াসিক হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরকা পরা এক ব্যক্তি ফার্মেসির সামনে এসে দাঁড়ান। কিছুক্ষণ পর সেখানে একটি মোটরসাইকেল এসে থামে। এ সময় বোরকা পরা ওই ব্যক্তি অস্ত্র বের করে ফার্মেসির ভেতরে একটি গুলি ছোড়েন। গুলির শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন ছোটাছুটি শুরু করেন।
ওয়াসিক হোসেন বলেন, গুলির পর ফার্মেসির ভেতর থেকে একজনকে রক্তাক্ত অবস্থায় বের করে আনা হয়। পরিস্থিতি আতঙ্কজনক হয়ে উঠলে তিনি রিকশা নিয়ে এগিয়ে যান এবং আহত ব্যক্তিকে পাশের একটি ক্লিনিকে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, সন্ধ্যায় মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী ফার্মেসির সামনে আসে। তাদের একজন গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফের ডান পায়ের উরুতে গুলি লাগে। তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফার্মেসিটিতে নিয়মিত পুলিশি পাহারা থাকার কথা জানিয়ে ওসি বলেন, ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হয়তো কিছুটা দূরে ছিলেন।
চাঁদা দাবির হুমকির কারণে গত ২৮ অক্টোবর রাত থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রায় ১৭ দিন বন্ধ ছিল চয়নিকা ফার্মেসি। এ পরিস্থিতিতে ব্যবসাপ্রতিষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। পরে পুলিশের আশ্বাসে ১৪ নভেম্বর রাতে পুলিশি পাহারায় ফার্মেসিটি আবার চালু করা হয়।
তবে নিরাপত্তার আশ্বাসে দোকান খোলার মাত্র ১৩ দিনের মাথায় সেখানে গুলির ঘটনা ঘটল। পুলিশের পাহারা থাকা সত্ত্বেও কীভাবে হামলাকারীরা ফার্মেসির ভেতরে গুলি চালিয়ে পালিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। হামলার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তদন্তের অগ্রগতি এখন গুরুত্বপূর্ণ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au