প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ১৭ আগষ্ট- ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট অবস্থান বা তাঁর বিরুদ্ধে দেশটিতে কী ধরনের আইনি প্রক্রিয়া চলছে, সে বিষয়ে বাংলাদেশের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে তিনি বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত ব্যক্তি এবং তাঁকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে তাঁর প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, “আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে বলে যে তথ্য দেওয়া হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে প্রধান প্রসিকিউটর বলেন, ওই প্রতিবেদনে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, নাকি অন্য কোনো মর্যাদায় অবস্থান করছেন, তা স্পষ্ট করা হয়নি।
তিনি বলেন, “ওই প্রতিবেদনের ভিত্তিতে মন্তব্য করা ঠিক হবে না।”
আমিনুল ইসলাম আরও বলেন, ভারতে শেখ হাসিনার আইনি অবস্থান সম্পর্কে বাংলাদেশ এখনো স্পষ্টভাবে জানতে পারেনি। ফলে তাঁকে দেশে ফেরাতে ভারতের আদালতের কাছ থেকে আদৌ কোনো অনুমতি প্রয়োজন হবে কি না, সেটিও পরিষ্কার নয়।
জুলাই আন্দোলনের সময় অভিযুক্তদের কর্মকাণ্ডের কারণে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন বলেও দাবি করেন প্রধান প্রসিকিউটর।
তিনি বলেন, “এই অপরাধগুলোর দায় অভিযুক্তদের নিতেই হবে।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।