খেলা

হারের পর অস্ট্রেলিয়ার সামনে ৩৮ লাখ টাকা জরিমানার শঙ্কা

  • 7:55 pm - August 17, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার
এমন হারের ক্ষত সহজে শুকানোর কথা নয়।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ আগষ্ট- ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে অস্ট্রেলিয়ার হারকে এ দুটি শব্দে বেঁধেছে অস্ট্রেলিয়ান মিডিয়া ‘নিউজ কর্প অস্ট্রেলিয়া’র ওয়েবসাইট নিউজ ডট কম এইউ। প্যাট কামিন্সদের জন্য একটি খারাপ খবরও জানিয়েছে তারা। ধীরগতির ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বড় অঙ্কের আর্থিক জরিমানা করার কথা বিবেচনা করছে আইসিসি।

ডারউইনে গতকাল টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের কাছে হারে প্যাট কামিন্সের দল। এই ম্যাচের দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের চেয়ে ৪ ওভার কম বোলিং করেছে অস্ট্রেলিয়া। ২৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষ করে ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রানে। অর্থাৎ দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৮৬ ওভারের। সংবাদমাধ্যমটি জানিয়েছে, অস্ট্রেলিয়া টেস্ট দলের প্রত্যেক খেলোয়াড়কে ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে জরিমানা গুনতে হতে পারে।

হারের সঙ্গে জরিমানাও গুনতে হতে পারে অস্ট্রেলিয়া দলকে।ছবি: সংগৃহীত

আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বল করতে হয়। সে হিসাবে সারা দিনে অন্তত ৯০ ওভার খেলতে হয়। নিয়ম ভঙ্গের কারণে সর্বনিম্ন ৯০ ওভারের কোটা থেকে প্রতি ওভার কম হওয়ার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়ার ক্ষমতা রয়েছে ক্রিকেটের এ নিয়ন্ত্রক সংস্থার।

টেস্টে অস্ট্রেলিয়ার প্রত্যেক খেলোয়াড় ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৭ লাখ ৩৯ হাজার টাকা) পারিশ্রমিক পান। এর ৫ শতাংশ হলো ১ হাজার ডলার (প্রায় ৮৭ হাজার টাকা)। যেহেতু অস্ট্রেলিয়া দল চার ওভার কম বোলিং করেছে, তাই জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে ৪ হাজার ডলার (প্রায় ৩ লাখ ৪৭ হাজার টাকা) পর্যন্ত। সব মিলিয়ে জরিমানার অঙ্কটা হতে পারে মোট ৪৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৮ লাখ ২৭ হাজার টাকা)।

তবে অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা জরিমানার মুখে পড়বেন কি না, তা নির্ধারণের সময় ভেন্যুর তাপমাত্রা এবং উইকেট পতনের মতো বিষয়গুলো বিবেচনায় নিতে পারেন ডারউইন টেস্টের ম্যাচ রেফারি। ডারউইনে ভ্যাপসা গরম ও আর্দ্রতাই হয়তো তাঁদের এই শাস্তি থেকে বাঁচানোর একমাত্র ভরসা—খেলোয়াড়েরা এমনটাই আশা করছেন বলে জানিয়েছে নিউজ ডট কম এইউ।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, শুধু জরিমানা নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার ৪ পয়েন্টও কেটে নেওয়া হতে পারে। ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয় নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া।
বাংলাদেশও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নির্ধারিত ওভার রেটের চেয়ে পিছিয়ে ছিল। তবে অস্ট্রেলিয়াকে মাত্র ৫৩ ওভারে অলআউট করায় শাস্তির হাত থেকে বেঁচে যাচ্ছে তারা।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল যদি অন্তত ৮০ ওভার ব্যাট না করে কিংবা ম্যাচে নিজেদের দুই ইনিংসে মিলিয়ে ১৬০ ওভারের কম খেলে অলআউট হয়, তবে শাস্তিটি প্রযোজ্য হয় না। গত গ্রীষ্মে অ্যাশেজ সিরিজে এ নিয়মের কারণে একাধিকবার বেঁচে গিয়েছিল অস্ট্রেলিয়া, তবে এবার আর তা হচ্ছে না।

ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়েছেন বাংলাদেশের দর্শকেরাও।ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল তাদের প্রথম ইনিংসে ১৩৮ ওভার ব্যাট করায় অস্ট্রেলিয়া দল এখন শাস্তি পাওয়ার ঝুঁকিতে রয়েছে। ২০২০ সালে বক্সিং ডে টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে ৪ পয়েন্ট কাটা যাওয়ায় ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড কম্পিউটিং সিস্টেমে সাইবার হামলা

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্যতম বৃহৎ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’ সাইবার হামলার শিকার হয়েছে। এতে মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল গোয়েন্দা তথ্য ঝুঁকির মুখে পড়েছে…

সামরিক কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতার তৎপরতা, চলছে কূটনীতিকদের ‘গলফ কূটনীতি’

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য সংঘাত এড়ানো এবং রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্যে বিদেশি কূটনীতিকদের তৎপরতা বেড়েছে বলে দাবি করা হয়েছে নর্থইস্ট নিউজের একটি প্রতিবেদনে। এ ক্ষেত্রে…

চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি

খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…

ধারের টাকা চাইতেই হবিগঞ্জের কলেজ শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাসকে শোকজ

ওটিএন বাংলা রিপোর্ট :  হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার চার প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাঁদের একজন নির্মল চন্দ্র…

‘সীমান্তের কোনো এক গোপালগঞ্জ দিয়ে ফিরবেন হাসিনা, বাধা দেওয়ার সাহস দেখাবে না প্রশাসন’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে বিমানপথের পাশাপাশি স্থলসীমান্তের একাধিক বিকল্প বিবেচনা করছে আওয়ামী লীগ। দলটির…

পোশাকবাজারে অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের কারণে আন্তর্জাতিক পোশাকবাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের তৈরি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au