বাংলাদেশ

সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন

গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ঢাকায় থেমে যাচ্ছে সিএনজি চালকদের আয়

  • 4:15 am - August 19, 2026
  • পঠিত হয়েছে:৭৩ বার
গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ঢাকায় থেমে যাচ্ছে সিএনজি চালকদের আয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ আগষ্ট:  ঢাকা শহরের সিএনজি ফিলিং স্টেশন গুলোতে তীব্র গ্যাসসংকট দেখা দিয়েছে। কোথাও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ, আবার কোথাও চাপ এত কম যে প্রয়োজনীয় পরিমাণ গ্যাস নিতে পারছেন না চালকেরা। ফলে রাজধানীর বিভিন্ন স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িকে। গ্যাসের পেছনে দিনের বড় একটি সময় চলে যাওয়ায় চালকদের আয় কমে যাওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন ব্যবস্থা।

গত ১৬ আগস্ট উত্তরা, কুড়িল, রামপুরা, তেজগাঁও, মগবাজার ও মিরপুরের বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে দীর্ঘ সারির চিত্র দেখা গেছে। কোনো কোনো স্টেশনে সকাল থেকেই গাড়ির লাইন ছিল। আবার কোথাও গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঝুলিয়ে রাখা হয়েছে ‘গ্যাস নেই’ লেখা সতর্কবার্তা।

এর আগে ৯ আগস্ট তেজগাঁওয়ের বিভিন্ন স্টেশনে ৫০ থেকে ৬০টি গাড়ি গ্যাস নেওয়ার অপেক্ষায় দেখা যায়। কম চাপের কারণে কোনো কোনো সিএনজি অটোরিকশায় ৫০ থেকে ৬৫ টাকার বেশি গ্যাস নেওয়া সম্ভব হয়নি। ১৪ আগস্ট রামপুরা এলাকায়ও টিভি সেন্টার থেকে হাজীপাড়া পর্যন্ত সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

১৫ আগস্ট প্রগতি সরণির আবুল হোটেল থেকে নতুনবাজার পর্যন্ত চারটি সিএনজি স্টেশনের মধ্যে দুটি বন্ধ ছিল। অন্য একটি স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় স্বাভাবিক ভাবে রিফুয়েলিং করা সম্ভব হচ্ছিল না। উত্তর বাড্ডার মক্কা সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাসের চাপ মাত্র ১২০ বার থাকায় গাড়িতে গ্যাস দেওয়া সম্ভব হয়নি বলে জানান কর্মীরা।

চালকেরা জানান, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় দিনে দুই থেকে তিনবার পর্যন্ত লাইনে দাঁড়াতে হচ্ছে। শুধু গ্যাস সংগ্রহ করতেই প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টা সময় চলে যাচ্ছে। এতে যাত্রী পরিবহনের সময় কমে যাওয়ায় আয়ও কমছে। কিন্তু গাড়ির মালিককে নির্ধারিত দৈনিক জমার টাকা ঠিকই পরিশোধ করতে হচ্ছে। অনেক চালককে প্রতিদিন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত জমা দিতে হচ্ছে বলে জানান ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. গোলাপ হোসেন সিদ্দিকী।

জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহের ঘাটতির সরাসরি প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলোতে। গত ২১ জুলাই মহেশখালী উপকূলে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে জাহাজ থেকে জাহাজে এলএনজি স্থানান্তরের সময় আগুন ও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর টার্মিনালটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়।

এর প্রভাবে আবাসিক, শিল্প ও বিদ্যুৎ খাতের পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও সংকট তীব্র হয়। বৈরী আবহাওয়া ও এলএনজি খালাসে বিলম্ব পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ১৫ আগস্ট জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বেড়ে ৮২৮ মিলিয়ন ঘনফুটে দাঁড়ায়। দেশীয় উৎসের গ্যাসসহ মোট সরবরাহ ছিল ২ হাজার ৪৩৮ মিলিয়ন ঘনফুট।

তবে চাহিদার তুলনায় সরবরাহ এখনও অনেক কম। পেট্রো বাংলার হিসাবে, ১৩ ও ১৪ আগস্ট দৈনিক প্রায় ৩ হাজার ৮৫৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ ছিল মাত্র ১ হাজার ৯৩১ দশমিক ২ মিলিয়ন ঘনফুট।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ মো. হাদিউজ্জামান বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে সিএনজি খাতের মানুষের জীবিকা সচল রাখা কঠিন। তাঁর মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি দেশের নিজস্ব জ্বালানি সম্পদ অনুসন্ধান ও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।

এদিকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট ছয় মাস বা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়; এর জন্য অন্তত দুই বছর সময় লাগতে পারে। সরকার সংকট কাটাতে কাজ করছে বলেও জানান তিনি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদও জানিয়েছেন, এফএসআরইউ মেরামত শেষ হওয়া এবং বর্তমান মজুত ব্যবহার করে পরিস্থিতি সামাল দেওয়া ছাড়া এই মুহূর্তে দ্রুত সংকট সমাধানের বিকল্প নেই। তিনি বলেন, রাতারাতি পরিস্থিতি বদলানোর সুযোগ নেই এবং দ্রুত গ্যাস উত্তোলনও সম্ভব নয়।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au