স্বামীর জানাজা-দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
মেলবোর্ন, ১৯ আগষ্ট: সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য ১২ ঘণ্টার প্যারোলে…
মেলবোর্ন, ১৯ আগষ্ট: অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম মেশানো খাবার খাইয়ে স্বামীর পরিবারের তিন সদস্যকে হত্যার দায়ে দণ্ডিত এরিন প্যাটারসনের সাজা নিয়ে আপিলের শুনানি শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দেশটির ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের আপিল আদালতে এই শুনানি শুরু হয়। একই সঙ্গে তার সাজা অপর্যাপ্ত বলে প্রসিকিউশনের করা পৃথক আপিলেরও শুনানি হবে।
৫১ বছর বয়সী এরিন প্যাটারসনকে গত বছর তিনজনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। আদালতের রায়ে বলা হয়, ২০২৩ সালে মেলবোর্নের দক্ষিণ-পূর্বাঞ্চলের লিওনগাথা শহরে নিজের বাড়িতে আয়োজিত এক মধ্যাহ্নভোজে তিনি বিষাক্ত ‘ডেথ ক্যাপ’ মাশরুম মেশানো বিফ ওয়েলিংটন পরিবেশন করেন। ওই খাবার খেয়ে তার শ্বশুর ডোনাল্ড প্যাটারসন, শাশুড়ি গেইল প্যাটারসন এবং গেইলের বোন হিদার উইলকিনসন মারা যান।
ঘটনায় হিদার উইলকিনসনের স্বামী ইয়ান উইলকিনসনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি প্রাণে বেঁচে যান। আদালত এরিন প্যাটারসনকে তার হত্যাচেষ্টার অভিযোগেও দোষী সাব্যস্ত করেছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে প্যাটারসনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অন্তত ৩৩ বছর তাকে প্যারোলে মুক্তির সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়। অস্ট্রেলিয়ায় কোনো নারীর ক্ষেত্রে দেওয়া দীর্ঘতম কারাদণ্ডগুলোর একটি এটি।
তবে বিচার চলাকালে এবং রায়ের পরও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন প্যাটারসন। তার দাবি, তিনজনের মৃত্যু ছিল দুর্ঘটনা এবং তিনি ইচ্ছাকৃতভাবে কাউকে বিষ প্রয়োগ করেননি।
এবারের আপিলে প্যাটারসনের আইনজীবীরা একাধিক বিষয় তুলে ধরছেন। তাদের দাবি, বিচার চলাকালে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে উপস্থাপনের অনুমতি দেওয়া উচিত ছিল না। এ ছাড়া জেরার সময় তার প্রতি অন্যায্য আচরণ করা হয়েছে বলেও তারা অভিযোগ করেছেন।
প্যাটারসনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, বিচার চলাকালে একটি ভুলের কারণে জুরি সদস্যরা এমন একটি হোটেলে অবস্থান করেছিলেন, যেখানে গণমাধ্যমের কয়েকজন সদস্যও ছিলেন। এতে জুরি সদস্যদের ওপর প্রভাব পড়তে পারে এবং মামলার বিচারপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তার আইনজীবীরা যুক্তি দিচ্ছেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষও প্যাটারসনের সাজা নিয়ে আপিল করেছে। প্রসিকিউটরদের বক্তব্য, তিনটি হত্যাকাণ্ড এবং একটি হত্যাচেষ্টার গুরুত্ব বিবেচনায় আদালতের দেওয়া সাজা যথেষ্ট কঠোর নয়। তাই সাজা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে তারা।
২০২৩ সালের ওই মধ্যাহ্নভোজের ঘটনা অস্ট্রেলিয়াজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। লিওনগাথা শহরের ওই ঘটনার পর তদন্তে উঠে আসে, খাবারে ‘ডেথ ক্যাপ’ মাশরুমের বিষাক্ত উপাদান ছিল। এই মাশরুম খেলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে এবং চিকিৎসা না পেলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
মামলাটির বিচার প্রায় ১১ সপ্তাহ ধরে চলে। মেলবোর্নের কাছের মরওয়েল শহরে অনুষ্ঠিত সেই বিচার আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হয়। পরে এরিন প্যাটারসনকে ঘিরে বিভিন্ন পডকাস্ট, বই ও অন্যান্য প্রচারমাধ্যমে ঘটনাটি তুলে ধরা হয়েছে।
এখন ভিক্টোরিয়ার আপিল আদালতে দুই পক্ষের বক্তব্য ও যুক্তি পর্যালোচনা করা হবে। প্যাটারসনের আপিল গ্রহণ করা হবে কি না এবং তার সাজায় কোনো পরিবর্তন আসবে কি না, সেই সিদ্ধান্ত পরবর্তী সময়ে আদালত জানাবেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au