মাইকেল রাইট। ছবি - সংগৃহীত
মেলবোর্ন, ২২ আগষ্ট- হলিউডের জনপ্রিয় অভিনেতা মাইকেল রাইট আর নেই। ৭০ বছর বয়সে গত ২১ আগস্ট মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ ও ‘স্ট্রিমার্স’খ্যাত এই অভিনেতা। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন স্ত্রী সুসান রাইট। তবে অভিনেতার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় সুসান রাইট জানান, মাইকেলের মৃত্যুতে পরিবার গভীরভাবে শোকাহত। শিল্পী হিসেবে তিনি যেমন দর্শকের ভালোবাসা পেয়েছেন, তেমনি পরিবার ও বন্ধুদের কাছেও ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। এ সময় পরিবারের পক্ষ থেকে সবার কাছে তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়। মাইকেল রাইটের শেষকৃত্যের আয়োজন ও সময়সূচি পরে জানানো হবে বলেও জানানো হয়েছে।
দীর্ঘ অভিনয়জীবনে মাইকেল রাইট চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। ক্যারিয়ারের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের স্বীকৃতি পান তিনি। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘স্ট্রিমার্স’ সিনেমায় অভিনয়ের জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কার ভোলপি কাপ জয় করেন মাইকেল রাইট। এই পুরস্কার তাকে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আলাদা পরিচিতি এনে দেয়।
তবে তার অভিনয়জীবনের সবচেয়ে স্মরণীয় কাজগুলোর একটি হয়ে আছে ১৯৯১ সালের ‘দ্য ফাইভ হার্টবিটস’। রবার্ট টাউনসেন্ড পরিচালিত এই মিউজিক্যাল ড্রামা সিনেমায় মাইকেল রাইট এডি কিং জুনিয়র চরিত্রে অভিনয় করেন।
সিনেমাটিতে একটি গানের দলের প্রধান শিল্পীর সাফল্য, ব্যক্তিগত সংকট এবং মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার সংগ্রাম তুলে ধরা হয়েছে। এডি কিং জুনিয়র চরিত্রে মাইকেল রাইটের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। সময়ের সঙ্গে ‘দ্য ফাইভ হার্টবিটস’ একটি কাল্ট সিনেমার মর্যাদা লাভ করে এবং এতে মাইকেলের অভিনীত চরিত্রও দর্শকের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠে।
‘স্ট্রিমার্স’ ও ‘দ্য ফাইভ হার্টবিটস’-এর পাশাপাশি মাইকেল রাইট তার দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি থিয়েটার ও টেলিভিশনেও তার উল্লেখযোগ্য কাজ রয়েছে। বৈচিত্র্যময় অভিনয় এবং শক্তিশালী পর্দা উপস্থিতির কারণে তিনি দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে পরিচিত মুখ ছিলেন।
মাইকেল রাইটের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ভক্ত ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী সুসান রাইট, পাঁচ সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।