বাংলাদেশ

জুলাই অভ্যুত্থান নিয়ে সাংবাদিকতার কারণে তিন সাংবাদিকের জামিন নাকচ, অভিযোগ প্রত্যাহারের দাবি আইএফজের

আইএফজে বলেছে, সংবাদমাধ্যমের সম্পাদকীয় সিদ্ধান্তকে মানবতাবিরোধী অপরাধের ভিত্তি হিসেবে বিবেচনা করা সাংবাদিকতার স্বাধীনতার জন্য গভীর উদ্বেগজনক।

  • 11:22 pm - August 26, 2026
  • পঠিত হয়েছে:৩২৩ বার
জুলাই ২০২৪-এর অভ্যুত্থান নিয়ে সংবাদ পরিবেশনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সাংবাদিক ফারজানা রূপা, শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। তাঁদের মুক্তি এবং সব অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে)। ছবি: ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৬ আগস্ট: বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই ২০২৪-এর ছাত্র আন্দোলন ও অভ্যুত্থান নিয়ে সংবাদ পরিবেশনের ঘটনায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার জামিন আবেদন নাকচ করেছেন।

তিন সাংবাদিকের বিরুদ্ধে আনা সব অভিযোগ অবিলম্বে প্রত্যাহার এবং তাঁদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) ও সংগঠনটির সহযোগী বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

আইএফজের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রসিকিউশনের আবেদনের পর ২৪ আগস্ট ওই তিন সাংবাদিককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁদের বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিপরীতে একটি ‘পাল্টা বয়ান’ তৈরিতে সহায়তা করার মাধ্যমে কথিত মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগ এনেছেন প্রসিকিউটররা।

সংবাদ সম্মেলনে প্রশ্ন করাকে অভিযোগের ভিত্তি করার দাবি

প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার করা প্রশ্নের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন।

এই ঘটনাকে ভিত্তি করে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে বলে আইএফজের প্রতিবেদনে উল্লেখ করা হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০২৪ সাল থেকে আটক

একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে ২০২৪ সালে আটক করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

গত ২৭ জুলাই ২০১৩ সালের মে মাসে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর অভিযানের সংবাদ পরিবেশনসংক্রান্ত পৃথক একটি ঘটনায় মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

ওই মামলায় প্রসিকিউশনের অভিযোগ, একাত্তর টেলিভিশনের একটি সংবাদে হতাহতের সংখ্যা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছিল।

অন্যদিকে, দৈনিক ভোরের কাগজ-এর সাবেক সম্পাদক শ্যামল দত্তকে ২০২৪ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। আইএফজে দাবি করেছে, সাংবাদিকতার কারণে তাঁর বিরুদ্ধে প্রতিশোধমূলকভাবে পৃথক হত্যা মামলা দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের সম্প্রসারিত কার্যক্রম নিয়ে উদ্বেগ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করতে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের অধীনে ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।

পরবর্তী সময়ে ট্রাইব্যুনালের কার্যক্রমের পরিধি সম্প্রসারণ করে জুলাই অভ্যুত্থানে কথিত আন্তর্জাতিক অপরাধের অভিযোগে সাবেক সরকারি কর্মকর্তা ও অন্যদের বিচার শুরু করা হয়েছে।

আইএফজে জানিয়েছে, কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ট্রাইব্যুনালের সম্প্রসারিত এখতিয়ার এবং আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

‘সম্পাদকীয় সিদ্ধান্তকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে’

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অন্তর্ভুক্ত করার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

সংগঠনটি বলেছে, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করতে হবে।

আইএফজে বলেছে, সংবাদমাধ্যমের সম্পাদকীয় সিদ্ধান্তকে মানবতাবিরোধী অপরাধের ভিত্তি হিসেবে বিবেচনা করা সাংবাদিকতার স্বাধীনতার জন্য গভীর উদ্বেগজনক।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গঠিত ট্রাইব্যুনালকে সাংবাদিকদের ভয় দেখানো বা হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

আইএফজে তিন সাংবাদিকের অবিলম্বে মুক্তি, তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার এবং বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক আইনি মানদণ্ড অনুসরণের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, আইএফজে বিশ্বের ১৪০টি দেশে ছয় লাখের বেশি সাংবাদিকের প্রতিনিধিত্বকারী একটি আন্তর্জাতিক সংগঠন।

-ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au