অস্ট্রেলিয়া

নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় ৩৪ অস্ট্রেলীয় নিখোঁজ

  • 7:48 pm - August 27, 2026
  • পঠিত হয়েছে:৪৮ বার
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং (বাঁয়ে) ও প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৭ আগষ্ট- নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে অন্তত ৩৪ জন অস্ট্রেলীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

গত বুধবার (২৬ আগস্ট) সকালে নেপালের রাসুয়া জেলার ভোতে কোশি নদী ও আশপাশের এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানে। প্রবল স্রোতে ঘরবাড়ি, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিমুরে, স্যাব্রুবেশি, লাংটাং উপত্যকা ও নুওয়াকোটসহ নেপালের বেশ কয়েকটি এলাকা দুর্যোগের কবলে পড়ে।

অস্ট্রেলীয় সরকারের তথ্য অনুযায়ী, দুর্যোগকবলিত এলাকায় থাকা অন্তত ৩৪ অস্ট্রেলীয় নাগরিকের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। নিখোঁজদের মধ্যে পর্যটক ও ট্রেকিং দলের সদস্য রয়েছেন।

মার্কিনভিত্তিক পর্যটন প্রতিষ্ঠান হিমালয়ান গ্লেসিয়ার অ্যাডভেঞ্চার্স জানিয়েছে, বন্যার পর তাদের ৪৭ সদস্যের একটি দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই দলে ১৫ জন অস্ট্রেলীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে ১৪ ও ১১ বছর বয়সী দুই শিশুও রয়েছে। দলটির সবচেয়ে বয়স্ক নিখোঁজ সদস্য ৬৪ বছর বয়সী এক নারী। এ দলে নেপাল, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নাগরিকও ছিলেন।

এ ছাড়া কৈলাশ জার্নিজের একটি পর্যটক দলের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কাঠমান্ডু হলিডে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে থাকা আরও এক অস্ট্রেলীয় পর্যটকের অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নেপালে থাকা সব অস্ট্রেলীয় পর্যটক নিখোঁজ নন। কয়েকটি পর্যটন প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের পর্যটকরা নিরাপদে রয়েছেন।

নেপালের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দুর্যোগকবলিত এলাকায় ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। নিখোঁজ বিদেশিদের মধ্যে ৪৭ জন মার্কিন, ৩৪ জন অস্ট্রেলীয়, ৩৩ জন ব্রিটিশ এবং ২৪ জন কানাডীয় নাগরিক রয়েছেন।

নেপালের অংশে এখন পর্যন্ত অন্তত ১৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে, চীনের তিব্বত অংশের গিরং কাউন্টিতে তিনজনের মৃত্যু এবং ২৬৫ জন নিখোঁজ থাকার তথ্য জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। ফলে পুরো নেপাল-তিব্বত সীমান্ত অঞ্চলে হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি অস্ট্রেলিয়ার গভীর সমবেদনা রয়েছে। নিখোঁজ অস্ট্রেলীয় নাগরিকদের অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ ও পর্যটন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অস্ট্রেলীয় সরকার কাজ করছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং বলেছেন, ধ্বংসযজ্ঞের মাত্রা অত্যন্ত ভয়াবহ। নিখোঁজ অস্ট্রেলীয় নাগরিকদের অবস্থান নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। এ জন্য নেপাল ও চীনে দায়িত্ব পালনরত অস্ট্রেলীয় কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক দপ্তরের কর্মী, সংকট মোকাবিলা বিশেষজ্ঞ এবং কনস্যুলার সহায়তা দল পাঠানো হচ্ছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক দপ্তর জানিয়েছে, প্রয়োজন হলে অস্ট্রেলীয় নাগরিকদের ২৪ ঘণ্টার কনস্যুলার সহায়তা দেওয়া হবে। নেপাল ও তিব্বত সীমান্তবর্তী এলাকায় থাকা পর্যটকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পাশাপাশি নদী ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

রংপুরের চার হত্যার নেপথ্যে কারা—প্রকৃত সত্য প্রকাশের দাবি

মেলবোর্ন, ২৭ আগষ্ট: রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের পরিবারের চার সদস্যকে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে…

বাংলাদেশি সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে আটকে খরাজ-রজতাভ

মেলবোর্ন, ২৭ আগষ্ট- নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় জনপদ তলিয়ে যাওয়ার পাশাপাশি সড়ক যোগাযোগ ও ভ্রমণব্যবস্থা ব্যাহত…

নেপালে হঠাৎ ভয়াবহ দুর্যোগ, কারণ নিয়ে নানা প্রশ্ন

মেলবোর্ন, ২৭ আগষ্ট: নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় বুধবার আকস্মিক ভূমিধস ও বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাহাড় থেকে কাদা, পানি ও ধ্বংসাবশেষের যে প্রবল স্রোত…

মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তী হত্যাকাণ্ডে গ্রেপ্তার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসই…

বাড়িতে পানি দিয়ে আলামত নষ্টের অভিযোগ, অস্বীকার পুলিশের

মেলবোর্ন, ২৭ আগষ্ট- রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় তাদের বাড়িতে পানি দিয়ে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করার অভিযোগ…

রংপুরে হিন্দু পরিবার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?

মেলবোর্ন, ২৭ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিন সদস্য হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au