নাকে অক্সিজেনের নল, মুমূর্ষু মাকে নিয়ে উত্তাল সাগর পাড়ি
নাকে অক্সিজেনের নল। পাশে অক্সিজেন সিলিন্ডার। স্বজনদের কোলে শুয়ে আছেন ৮০ বছরের মুমূর্ষু এক বৃদ্ধা। বাইরে উত্তাল সাগর, তার ওপর মুষলধারে বৃষ্টি। ঢেউয়ের ধাক্কায় কখনো…
কক্সবাজারের মহেশখালীতে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে আটটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ঠাকুরতলা চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে রোববার দুপুরে মহেশখালী থানায় সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানায় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেশখালীর ঠাকুরতলা এলাকার মানিক দে (৩৮) এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মো. রুবেল মিয়া (৩৪)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি রাইফেল, ছয়টি একনলা বন্দুক এবং একটি এলজি রয়েছে। অস্ত্রগুলো পলিথিনে মোড়ানো অবস্থায় অটোরিকশার ভেতর থেকে উদ্ধার করা হয়।
রোববার দুপুরে মহেশখালী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয়।
তিনি বলেন, গত ২১ আগস্ট মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার গভীর পাহাড়ে অভিযান চালায় পুলিশের একটি দল। ওই অভিযানে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্রের সন্ধানে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে পুলিশ জানতে পারে, ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ জেটিঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আগ্নেয়াস্ত্রের একটি চালান চকরিয়ার বদরখালী এলাকায় নিয়ে যাওয়া হবে।
খবর পাওয়ার পর ঠাকুরতলা চৌরাস্তার মোড় এলাকায় তল্লাশিচৌকি বসায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, অটোরিকশাটি তল্লাশিচৌকির কাছে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। তবে চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন।
এ সময় পুলিশ অটোরিকশাটিকে ধাওয়া করে। একপর্যায়ে গাড়ি থেকে দুজনকে আটক করা সম্ভব হলেও তাঁদের সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান।পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
অটোরিকশা থেকে নেমে পালিয়ে যাওয়া অপর দুজনকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
পুলিশ বলছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অস্ত্র সরবরাহকারী চক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au