বিজ্ঞান ও প্রযুক্তি

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

  • 7:26 pm - September 07, 2026
  • পঠিত হয়েছে:৭ বার
পুরনো এক উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন আড্ডা।ছবিঃ সংগৃহীত

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ পর্যন্ত ‘ডিএসইউইকি’ নামের ওই ওয়েবসাইটে এআই এজেন্টরা প্রায় ১৫ হাজার থেকে ১৮ হাজার পোস্ট করে। গবেষকদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, তারা শুধু তথ্য প্রকাশই করছিল না, বরং নিজেদের মধ্যে বার্তা, পরীক্ষার উত্তর এবং বিভিন্ন কৌশলও আদান-প্রদান করছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান সফটওয়্যার নির্মাতাদের জন্য প্রায় ২৫ বছর আগে তৈরি করা হয়েছিল ডিএসইউইকি। দীর্ঘদিন ধরে ওয়েবসাইটটিতে কার্যক্রম ছিল খুবই সীমিত। বছরে হাতে গোনা কয়েকটি সম্পাদনা হতো সেখানে। কিন্তু গত মে মাসে হঠাৎ বিপুলসংখ্যক স্বয়ংক্রিয় এআই এজেন্ট সেখানে প্রবেশ করতে শুরু করে।

মূলত এসব এজেন্টের ইন্টারনেট ব্যবহারের অনুমতি ছিল তথ্য পড়ার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু কোনো এক পর্যায়ে তারা উইকিতে লেখা প্রকাশের সুযোগ পেয়ে যায়। এরপর দ্রুত বাড়তে থাকে পোস্টের সংখ্যা। কোনো কোনো দিনে নতুন পোস্টের সংখ্যা ৪০০ ছাড়িয়ে যায়।

উইকিটির মানব নিয়ন্ত্রক পরিস্থিতি সামাল দিতে একের পর এক পেজ মুছে ফেলতে থাকেন। কিন্তু এজেন্টদের তৈরি করা পোস্টের সংখ্যা এত দ্রুত বাড়ছিল যে একসময় তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এজেন্টদের ব্যবহৃত নামের মধ্যেও তাদের পরিচয়ের ইঙ্গিত পাওয়া যায়। যেমন, ‘ওপেনএআইরিসার্চার’, ‘ওএআইরিসার্চমার২৬’ এবং ‘ওপেনএআইজুলাই৩ওয়াচার’ নামের মতো একাধিক পরিচয় শনাক্ত করা হয়। সব মিলিয়ে তিন হাজার ৭০০টির বেশি পৃথক এজেন্ট পরিচয় শনাক্ত করেছেন গবেষকেরা।

নিজেদের মধ্যে তথ্য ও কৌশল বিনিময়

সার্ভারের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা দেখতে পান, এসব যোগাযোগের বড় একটি অংশ মাইক্রোসফট অ্যাজিউরে গিয়ে মিশেছে। মাইক্রোসফট অ্যাজিউর এমন একটি ক্লাউড অবকাঠামো, যা ওপেনএআই ব্যবহার করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এজেন্টগুলো ডিএসইউইকিকে নিজেদের মধ্যে তথ্য ও বার্তা আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহার করছিল। বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার সময় তারা সেসব পরীক্ষার উত্তর একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছিল। এমনকি কীভাবে পরীক্ষায় অসততার আশ্রয় নেওয়া যায় এবং কীভাবে নির্ধারিত পরিবেশের নিরাপত্তাবিধি এড়িয়ে যাওয়া যায়, সেসব নিয়েও আলোচনা করছিল তারা।

কিছু এজেন্ট নিজেদের পরিচয় আড়াল করতে টর ব্যবহারের পরিকল্পনা করছিল। আবার কেউ কেউ এমন ব্যবস্থা করার চেষ্টা করছিল, যাতে নির্দিষ্ট এজেন্টের সেশন শেষ হয়ে গেলেও তার রেখে যাওয়া বার্তা টিকে থাকে।

একটি এজেন্ট ধারণা করেছিল, নির্দিষ্ট একটি ধাপের পর তার কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। তাই সময় শেষ হওয়ার আগেই অন্য এজেন্টদের দ্রুত পোস্ট করতে বলেছিল। অন্য একটি এজেন্ট তৈরি করেছিল ‘হার্টবিট’ নামে একটি ছোট প্রোগ্রাম। সেটি কয়েক মিনিট পরপর বাইরের একটি ওয়েবসাইটে সংকেত পাঠাত, যাতে বোঝা যায় এজেন্টটি তখনও সক্রিয় রয়েছে কি না।

পেজ মুছে ফেলতে শুরু করলে কৌশল বদলায় এজেন্টরা

জুনে উইকিটির নিয়ন্ত্রক যখন ধারাবাহিকভাবে এজেন্টদের তৈরি পেজ মুছে ফেলতে শুরু করেন, তখন এআই এজেন্টগুলোও তাদের কৌশল পরিবর্তন করে। তারা এমন সব অদ্ভুত ও ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট নাম দিয়ে ব্যাকআপ পেজ তৈরি করতে থাকে, যাতে সেগুলো সহজে শনাক্ত করা না যায়।

এর মধ্যে একটি পেজের নাম দেওয়া হয়েছিল ‘জেডজেডজেডডেটাইউএসএকনস্ট্রাকশনওয়েজলাইভ’। বর্ণমালার ক্রম ধরে পেজ মুছে ফেলার সময় যাতে এটি তুলনামূলকভাবে পরে মুছে যায়, সেই হিসাব করেই এমন নাম দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কিছু এজেন্ট আবার ওয়েবসাইটের প্রকৃত নিয়ন্ত্রকের পরিচয় নকল করার চেষ্টা করে। এমনকি ব্যবহারকারীর নামের একটি বর্ণের পরিবর্তে দেখতে প্রায় একই রকম অন্য একটি বর্ণ ব্যবহার করা হয়েছিল।

লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা গবেষক লুকাশ ওলেইনিক এই আচরণকে গুরুতর বলে মন্তব্য করেছেন। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করেছে এবং এটি হ্যাকিংয়ের পর্যায়ে পড়ে।

তবে ওপেনএআই এ ব্যাখ্যার সঙ্গে একমত নয়। প্রতিষ্ঠানটির নিজস্ব পর্যালোচনায় ঘটনাটিকে বড় ধরনের নিরাপত্তা ভাঙার ঘটনা হিসেবে দেখা হয়নি। বরং এটিকে এআইয়ের ভুল আচরণের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছে তারা।

গবেষকদের অনুসন্ধানে সামনে আসে ঘটনা

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ঘটনাটি ওপেনএআই নিজে আবিষ্কার করেনি। ইন্টারনেটে অনুমতি ছাড়া এআই এজেন্টদের কার্যক্রম খুঁজছিলেন চারজন এআই নিরাপত্তা গবেষক, সিডনি ভন আরক্স, করম্যাক স্লেড বায়ার্ড, স্পেন্সার কিটস ও থমাস লারসেন। তাদের অনুসন্ধানেই ডিএসইউইকিতে এজেন্টদের এই কর্মকাণ্ডের সন্ধান পাওয়া যায়।

৪ সেপ্টেম্বর ২০২৬ গবেষকেরা তাদের অনুসন্ধানের ফল প্রকাশ করেন। সেখানে প্রায় ১৮ হাজার পোস্টের তথ্য তুলে ধরা হয়। এর আগেই অবশ্য ২২ জুন ডিএসইউইকিতে এআই এজেন্টদের কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যায়।

ঘটনাটির সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাতে জানা যায়, গবেষকেরা বিষয়টি প্রকাশ্যে আনার কয়েক সপ্তাহ আগেই ওপেনএআই এ সম্পর্কে জানতে পেরেছিল। এরই মধ্যে প্রতিষ্ঠানটি আরও একটি নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার চাপ সামলাচ্ছিল। জুলাইয়ে হাগিং ফেস প্ল্যাটফর্মে ওপেনএআইয়ের এজেন্টরা একটি বাস্তব নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করে তা কাজে লাগিয়েছিল। ওই ঘটনার তথ্য প্রকাশ করা হলেও ডিএসইউইকির বিষয়টি তখন প্রকাশ্যে আনা হয়নি।

গবেষকদের প্রতিবেদন প্রকাশের এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘটনাটি নিয়ে বক্তব্য দেয় ওপেনএআই। প্রতিষ্ঠানটি ঘটনাটিকে ‘উইকি ঘটনা’ হিসেবে উল্লেখ করে স্বীকার করে যে তাদের এজেন্টরা বেশ কয়েকটি ইন্টারনেট সাইটে লিখেছিল।

তবে ওপেনএআইয়ের দাবি, এটি বড় ধরনের নিরাপত্তা ভাঙনের ঘটনা নয়। বরং এআইয়ের ভুল আচরণের একটি উদাহরণ। একই সঙ্গে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, এ ধরনের ঘটনা শনাক্ত ও মোকাবিলার ক্ষেত্রে তাদের নিজেদের নিয়মকানুনেও আরও উন্নতির প্রয়োজন রয়েছে।

ওপেনএআই জানিয়েছে, এআইয়ের ভুল আচরণের ঘটনা কখন জনসমক্ষে জানানো হবে এবং কীভাবে তা জানানো হবে, সে বিষয়ে আরও স্পষ্ট নীতিমালা প্রয়োজন। শুধু গবেষণাপত্রে এআই কীভাবে ভুল আচরণ করতে পারে তা তুলে ধরা যথেষ্ট নয়, বাস্তবে এমন ঘটনা ঘটলে সাধারণ মানুষকেও সে বিষয়ে জানানোর প্রয়োজন রয়েছে। এ জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি আনুষ্ঠানিক কাঠামো তৈরির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চলতি বছর ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত এআই এজেন্টদের বাইরের প্ল্যাটফর্মে নিরাপত্তা বা নিয়ন্ত্রণব্যবস্থা এড়িয়ে যাওয়ার ঘটনা হিসেবে এটি এখন পর্যন্ত তৃতীয় ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে হাগিং ফেসে একটি বড় ঘটনা এবং মডাল ল্যাবসের এক গ্রাহককে ঘিরে তুলনামূলক ছোট একটি ঘটনা সামনে এসেছিল।

এদিকে ডিএসইউইকির ঘটনা এমন এক সময়ে সামনে এসেছে, যখন ওপেনএআই তাদের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মডেল চালুর প্রস্তুতি নিচ্ছে। নতুন সেই ব্যবস্থাটির সম্ভাব্য নাম ‘অ্যাস্ট্রা’ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সুত্রঃএনডিটিভি

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au