ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…
ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে থেকে চলাচল শুরু করবে, সে বিষয়ে খুব শিগগিরই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘আর মনে হচ্ছে খুব শিগগিরই আমরা একটা ভালো খবর দিতে পারব মৈত্রী এক্সপ্রেসের বিষয়ে।’
ট্রেনটি চালুর নির্দিষ্ট তারিখ জানতে চাইলে তিনি বলেন, খুব শিগগিরই একটি নির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব হবে। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা ও বৈঠক এখনো চলছে।
তিনি বলেন, ‘খুব শিগগিরই আমরা একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিতে পারব।’
দুই দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও সহজ ও দ্রুত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার। বিশেষ করে সড়ক ও রেল যোগাযোগের সময় কমিয়ে আনার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
দীনেশ ত্রিবেদী বলেন, বর্তমানে একটি রুটে যাতায়াতে ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগছে। কীভাবে এ সময় প্রায় তিন ঘণ্টা কমিয়ে আনা যায়, তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে পদ্মা সেতুসহ যোগাযোগ অবকাঠামোর বিভিন্ন কারিগরি বিষয় নিয়েও আলোচনা চলছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনো বৈঠক চলছে। তবে মৈত্রী এক্সপ্রেসের ক্ষেত্রে খুব শিগগিরই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
সাক্ষাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো এবং তাঁর বক্তব্য দেওয়ার বিষয়েও সাংবাদিকেরা ভারতীয় হাইকমিশনারের কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, রাজনৈতিক বিষয়গুলো আলাদা একটি বিষয়। এ নিয়ে এরই মধ্যে অনেক আলোচনা হয়েছে। তবে মঙ্গলবারের বৈঠকে মূলত সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এর আগে বৈঠক প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ভারতের সঙ্গে তাঁর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর চলমান বিভিন্ন কাজ এবং সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ চলমান রয়েছে। এসব কাজের আরও অগ্রগতি প্রয়োজন। দুই দেশের স্বার্থ রক্ষা করে কীভাবে বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে।
মন্ত্রী বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থে চলমান উদ্যোগগুলো কীভাবে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।
বিশেষ করে যোগাযোগ খাতে রেল, সড়ক ও স্থলবন্দর নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। এসব খাতে এরই মধ্যে বেশ কিছু কাজ চলমান রয়েছে। দুই দেশের মধ্যে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে এবং এর সক্ষমতাও বাড়ানো হচ্ছে বলে জানান মন্ত্রী।
তবে যাত্রীবাহী ট্রেন চলাচল বর্তমানে বন্ধ রয়েছে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, মৈত্রী এক্সপ্রেসসহ যাত্রীবাহী ট্রেন কীভাবে আবার চালু করা যায়, সে বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশ ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ আন্তদেশীয় রেল যোগাযোগের একটি মাধ্যম। ট্রেনটি পুনরায় চালু হলে দুই দেশের নাগরিকদের যাতায়াত আরও সহজ হওয়ার পাশাপাশি পর্যটন, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও পারিবারিক যোগাযোগেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা যাত্রীবাহী রেল যোগাযোগ পুনরায় চালু হলে দুই দেশের মানুষের সরাসরি যোগাযোগ বাড়বে। একই সঙ্গে সড়ক ও রেলপথে যাতায়াতের বিকল্প বাড়ায় সীমান্তপারের যোগাযোগব্যবস্থায়ও গতি আসতে পারে।
তবে মৈত্রী এক্সপ্রেস ঠিক কোন তারিখ থেকে চলাচল শুরু করবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ভারতীয় হাইকমিশনারের বক্তব্য অনুযায়ী, দুই দেশের মধ্যে আলোচনা শেষ করে শিগগিরই এ বিষয়ে নির্দিষ্ট তারিখ জানানো হতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au