বিশ্ব

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

  • 8:51 pm - September 09, 2026
  • পঠিত হয়েছে:৪ বার
আইফেল টাওয়ার সাময়িক বন্ধ রাখার বিষয়টি নোটিশ আকারে লিখে রেখেছে কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে ফ্রান্সের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্রটি।

কর্মী ও কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এ তথ্য জানিয়েছে।

গত শনিবার আইফেল টাওয়ার পরিদর্শন করেন হিন্দু ধর্মীয় সংগঠন বোচাসানওয়াসি আকসার পুরুষোত্তম স্বামিনারায়ণ সংস্থার (বিএপিএস) সঙ্গে যুক্ত প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধি দল।

আইফেল টাওয়ারের কর্মী ইউনিয়নের প্রতিনিধি ডায়ান ডেভয়েন অভিযোগ করেন, প্রতিনিধি দলটি স্থাপনাটিতে পৌঁছানোর পর সেখানে কর্মরত কয়েকজন নারীকে তাদের দায়িত্বের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাদের পরিবর্তে পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়।

রয়টার্সকে তিনি বলেন, সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল ছেড়ে যেতে বলা হয়েছিল। বিষয়টি নিয়ে পরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মীদের কাছে ক্ষমা চায়।

ডেভয়েন বলেন, কর্মীরা বিশেষ করে নারী সহকর্মীরা এ ঘটনায় অপমানিত বোধ করেছেন। বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় সোমবার কর্মীরা বৈঠকে বসেন। তাদের মূল দাবি ছিল, ভবিষ্যতে কোনো পরিস্থিতিতেই নারীদের সঙ্গে এ ধরনের আচরণ করা যাবে না।

কর্মীদের ধর্মঘটের কারণে সোমবার আইফেল টাওয়ার বন্ধ ছিল। ছবি: সংগৃহীত

আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান সোসিয়েতে দ’এক্সপ্লোয়াসিওঁ দে লা তুর আইফেল (সেতে) এএফপিকে জানিয়েছে, প্রতিনিধি দলটির পক্ষ থেকে সফরের সময় নারীদের সঙ্গে মেলামেশা সীমিত রাখার অনুরোধ করা হয়েছিল। তবে প্রতিষ্ঠানটি বলেছে, এ ধরনের ব্যবস্থা তাদের মূল্যবোধ এবং নারী-পুরুষের সমতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সেতে-এর প্রেসিডেন্ট অ্যারিয়েল ওয়েল বলেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য অনুশীলন নয়। আইফেল টাওয়ার নারী-পুরুষের সমতা এবং ফরাসি প্রজাতন্ত্রের মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

ঘটনাটি নিয়ে বিএপিএস প্যারিস মন্দিরও বিবৃতি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে তারা জানায়, অন্য দর্শনার্থীদের অসুবিধা এড়াতে আইফেল টাওয়ার কর্তৃপক্ষের সহযোগিতায় স্বাভাবিক খোলার সময়ের শুরুতে সফরটি আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় কারও কষ্ট বা অসুবিধা হয়ে থাকলে তারা দুঃখ প্রকাশ করে এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর তাদের বিশ্বাসের কথা জানায়।

রোববার প্যারিসের একটি উপশহরে ফ্রান্সে বিএপিএসের প্রথম বড় উপাসনালয়ের উদ্বোধন করা হয়। সংগঠনটি নিজেদের একটি আধ্যাত্মিক ও স্বেচ্ছাসেবক-চালিত সংগঠন হিসেবে পরিচয় দেয়। বিশ্বের বিভিন্ন বড় শহরে তাদের মন্দির রয়েছে।

ফ্রান্সের আইফেল টাওয়ার। ছবি: সংগৃহীত

এদিকে, ঘটনার পুরো প্রেক্ষাপট খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দিয়েছেন প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, আইফেল টাওয়ারের কর্মীদের ক্ষোভের বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং তাদের অসন্তোষ যুক্তিসঙ্গত।

তিনি আরও বলেন, নারী ও পুরুষের সমতার নীতি ফ্রান্সের ঐতিহাসিক স্থাপনা কিংবা প্যারিস শহরের কোথাও সীমিত করা যাবে না।

ঘটনাটির সমালোচনা করেছেন ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। উগ্র ডানপন্থি নেত্রী মারিন ল্য পেন বলেন, ফ্রান্সে নারীর উপস্থিতি সীমিত করার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না।

সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেন, ফ্রান্সে কোনো সংস্কৃতি, বিশ্বাস বা ধর্মীয় চর্চার নামে নারীদের অবস্থান নির্ধারণ করে দেওয়ার সুযোগ নেই।

ফরাসি জাতীয় পরিষদের সভাপতি ইয়েল ব্রাউন-পিভেটও বিদেশি দর্শনার্থীদের দাবির কারণে নারী কর্মীদের সরে দাঁড়াতে বাধ্য করার ঘটনাকে প্রত্যাখ্যান করেছেন।

সূত্র-রয়টার্স

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au