ইয়েমেনে নতুন সংঘাতে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় এক লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।…
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে যুক্ত হলো নতুন এক প্রতীকী অধ্যায়। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আট বিভাগের অধিনায়কের মাথায় আনুষ্ঠানিকভাবে পরিয়ে দেওয়া হয়েছে ব্যাগি ক্যাপ। সাবেক ক্রিকেটাররা অধিনায়কদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি তাদের মাথায় ক্যাপ পরিয়ে দেন।
চার দিনের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর চারটি ভেন্যুতে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের প্রথম ধাপের ম্যাচ।
ব্যাগি ক্যাপ পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়েছেন খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তার মতে, প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে টেস্ট ক্রিকেটের যে সম্পর্ক, ব্যাগি ক্যাপ সেই সম্পর্কেরই প্রতীক।
মিঠুন বলেন, “আমরা ঘরোয়া ক্রিকেট খেলি আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাব রাখার জন্য। টেস্টের কারণেই যেহেতু প্রথম শ্রেণির ক্রিকেটের গুরুত্ব, ব্যাগি ক্যাপও টেস্ট ক্রিকেটের একটি প্রতীক। এখানে রঙটা গুরুত্বপূর্ণ নয়। আমরা যে রঙই পেয়েছি, সেটাকেই আমরা ধারণ করব। অন্তত আমরা জানতে পারলাম, আমাদের একটা রঙ আছে। এটাকে ধারণ করা খুব গুরুত্বপূর্ণ।”
প্রথম শ্রেণির ক্রিকেটের মান উন্নত হলে টেস্ট ক্রিকেটও এগিয়ে যাবে বলে মনে করেন মিঠুন। তিনি বলেন, “যে দেশের প্রথম শ্রেণির ক্রিকেট যত ভালো, সেই দেশের টেস্ট ক্রিকেটও তত ভালো। এতদিন বিষয়টি শুধু মুখে মুখেই বলা হয়েছে। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটের মানদণ্ড যেরকম হওয়া উচিত, সেটা কখনোই হয়নি। এবার হচ্ছে, এজন্য খেলোয়াড়রা সবাই খুশি।”
এদিকে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার সুযোগ প্রসঙ্গেও কথা বলেন মিঠুন। তিন ম্যাচের সিরিজে দুটি ম্যাচ না হওয়ায় এ নিয়ে আক্ষেপের সুযোগ দেখছেন না তিনি।
মিঠুন বলেন, “অবশ্যই খেলতে পারলে ভালো হতো। আপনারা জানেন, সেখানে তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচই হয়নি। হয়তো সবগুলো ম্যাচ হলে সুযোগ আসতে পারত। যেহেতু ম্যাচ হয়নি, সেটা নিয়ে আসলে কথা বলার মতো কিছু নেই।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আট বিভাগীয় দল নিয়ে আয়োজিত এবারের প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট চলবে প্রায় দুই মাস।
সূচি অনুযায়ী, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে চারটি ম্যাচ। ৩ অক্টোবর উদ্বোধনী রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা।
একই সময়ে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা খেলবে বরিশালের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে সিলেট ও ময়মনসিংহ। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে লড়বে চট্টগ্রাম ও রাজশাহী।
আগামী ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের জাতীয় ক্রিকেট লিগের।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au