অস্ট্রেলিয়া

ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় ‘পরিকল্পনা ও পরবর্তী কর্মকাণ্ডে’ দুই কিশোর গ্রেপ্তার

  • 2:22 pm - September 17, 2026
  • পঠিত হয়েছে:৮৫ বার
সিডনিতে নিজ বাড়িতে বিছানায় থাকা অবস্থায় গুলিতে নিহত হন মার্কো তাপিয়া। ছবি: নাইন

সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মার্কো তাপিয়াকে হত্যার ঘটনায় ১৪ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, তারা সরাসরি হামলাকারী দলের সদস্য না হলেও হত্যাকাণ্ডের প্রস্তুতি ও পরিকল্পনা এবং ঘটনার পরবর্তী কর্মকাণ্ডে যুক্ত ছিল।

পুলিশের দাবি, ওই দুই কিশোর হামলায় ব্যবহারের জন্য অস্ত্র সরবরাহ, হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি পুড়িয়ে বা সরিয়ে ফেলা এবং হামলাকারীদের ব্যবহৃত একটি বাড়ি পরিষ্কারের সঙ্গে জড়িত ছিল।

২৩ বছর বয়সী তাপিয়াকে গত ১ সেপ্টেম্বর ভোর ৩টা ৪০ মিনিটের দিকে গ্লেন অ্যালপাইনের মাউন্ট সুগারলোফ ড্রাইভে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। সে সময় তিনি বিছানায় ঘুমিয়ে ছিলেন। পরে পুলিশ নিশ্চিত করে, হামলাকারীরা ভুল বাড়িকে লক্ষ্য করেছিল।

তাপিয়ার পরিবার ঘটনাটিকে ‘দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছে।

বুধবার সকাল ১০টার দিকে তাপিয়া হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের ফেয়ারফিল্ড এলাকায় দুটি বাড়িতে তল্লাশি চালায় গোয়েন্দারা। সেখান থেকেই দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

তাদের দুজনের বিরুদ্ধেই হত্যা, অপরাধী চক্রের হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া, অনুমোদনহীন নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র রাখা এবং মালিকের অনুমতি ছাড়া নেওয়া যানবাহন ব্যবহারের দুটি অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া ১৪ বছর বয়সী কিশোরটির বিরুদ্ধে আগুন বা বিস্ফোরণের মাধ্যমে সম্পত্তির ক্ষতি করার অভিযোগও আনা হয়েছে।

হোমিসাইড কমান্ডার ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট জো দোয়েহি বলেন, পুলিশের ধারণা অনুযায়ী দুই কিশোর সরাসরি বাড়িতে হামলা চালানো দলের সদস্য ছিল না। তবে তারা হত্যাকাণ্ডের ‘প্রস্তুতি, পরিকল্পনা ও পরবর্তী কর্মকাণ্ডে’ যুক্ত ছিল।

তিনি বলেন, বয়স কম হলেও দুই কিশোরই তাদের কর্মকাণ্ডের সম্ভাব্য পরিণতি সম্পর্কে জানত বলে পুলিশ মনে করছে।

পুলিশ জানিয়েছে, দুই কিশোরের কেউই এর আগে পুলিশের নজরে ছিল না। তাদের কথিত কর্মকাণ্ড সম্পর্কে অভিভাবকরাও কিছু জানতেন না। গ্রেপ্তারের পর বিষয়টি জানতে পেরে তারা ‘হতবাক’ ও ‘বিধ্বস্ত’ হয়েছেন বলে দোয়েহি জানান।

পুলিশের ভাষ্য, ঘটনার পর প্রমাণ নষ্টের চেষ্টাগুলো ছিল অনেকটাই অপটু। ১৪ বছর বয়সী কিশোরটিকে কথিত ‘কিল কার’ পুড়িয়ে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছিল। গাড়িতে আগুন ধরাতে গিয়ে সে নিজেই দগ্ধ হয় এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়।

১ সেপ্টেম্বর গ্লেন অ্যালপাইনের মাউন্ট সুগারলোফ ড্রাইভের বাড়িতে বিছানায় থাকা অবস্থায় গুলিতে নিহত হন মার্কো তাপিয়া। ছবি: নাইন

পুলিশ বলছে, অল্প অর্থের বিনিময়ে গ্যাংয়ের হয়ে গুরুতর অপরাধে শিশু ও তরুণদের ব্যবহারের ঘটনা বাড়ছে। এর মধ্যে গুলি চালানো ও আগুন দিয়ে হামলার মতো অপরাধও রয়েছে।

চলতি মাসের শুরুতে নিউ সাউথ ওয়েলসের মিনস সরকার জানিয়েছে, সংগঠিত অপরাধী চক্রের হয়ে গ্যাং-সংশ্লিষ্ট গুলি ও অগ্নিসংযোগের ঘটনায় শিশুদের নিয়োগ করা হলে তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে বিচারের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।

দোয়েহি বলেন, বিদেশে অবস্থানরত গ্যাং নেতারা ‘কাপুরুষ’। তাঁর অভিযোগ, তারা অস্ট্রেলিয়া ছেড়ে গিয়ে তরুণদের দিয়ে নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

মার্কো তাপিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি Engineers Without Borders UTS-এর স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করতেন।

তাঁর পেশাগত লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তাপিয়া নিয়মিত স্বেচ্ছাসেবামূলক কাজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে লিখতেন। তিনি একটি যুব উন্নয়ন কর্মসূচি পরিচালনা এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করতেন।

তাপিয়ার বাবা-মা সার্জিও ও ক্লডিয়া জানান, তাঁদের ছেলে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখতেন।

ক্লডিয়া বলেন, ছেলেকে হারানোর ঘটনাটি তাঁদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। সবকিছু এত দ্রুত ঘটে গেছে বলেও তিনি জানান।

এদিকে, তাপিয়া হত্যার দুই সপ্তাহেরও কম সময় পর সিডনির মেরিল্যান্ডস ওয়েস্টে পৃথক একটি ঘটনায় ৪০ বছর বয়সী নিরপরাধ ব্যক্তি জশুয়া ম্যাকডোনাল্ডকে বাড়ির ড্রাইভওয়েতে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনায় সিডনিতে গ্যাং-সংশ্লিষ্ট সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: নাইন.কম.এইউ

এই শাখার আরও খবর

দুই বছরে নারায়ণগঞ্জে বন্ধ ৪৬ থেকে ১১০ কারখানা, বেকার হাজারো শ্রমিক

রাজনৈতিক পটপরিবর্তন, সহিংসতা, অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকটে গত দুই বছরে নারায়ণগঞ্জের শিল্প খাতে অস্থিরতা বেড়েছে। একের পর এক কারখানা বন্ধ হওয়ায় কর্মহীন হয়েছেন কয়েক…

ভিয়েতনামে অস্ট্রেলীয় গ্যাং নেতা হত্যায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ

ভিয়েতনামে অস্ট্রেলীয় আন্ডারওয়ার্ল্ডের অন্যতম পরিচিত ব্যক্তি লরেঞ্জো লেমালুকে হত্যার ঘটনায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, অভিযুক্তদের একজন…

ব্রিক্‌স সম্মেলনের পর দুই রাষ্ট্রপ্রধানের স্বাস্থ্য নিয়ে আলোচনা

ব্রিক্‌স সম্মেলন চলাকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন এবং পরে তাঁকে বিশেষ বিমানে করে বেজিংয়ে ফিরিয়ে নেওয়া হয় বলে দাবি করেছেন…

ইউপিআই মাশুলে তীব্র বিতর্ক, ট্রাম্পের চাপের অভিযোগ রাহুলের

ভারতে ২ হাজার রুপির বেশি নির্দিষ্ট ইউপিআই ব্যবসায়িক লেনদেনে মাশুল আরোপের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী…

ব্রাইটনের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায়, ইউনাইটেডের দুর্দশা আরও বাড়ল

লিগ কাপে নিজেদের মাঠে দুই গোলের লিড নিয়েও ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবারের এই হারে নতুন মৌসুমে ক্লাবটির সংকট আরও…

উজ্জ্বল রাত কি এডিস মশার কামড়ানোর সময় বাড়িয়ে দিচ্ছে?

বাংলাদেশের শহরগুলোতে সূর্য ডোবার পরও বাড়ছে কৃত্রিম আলোর ব্যবহার। আর এর মধ্যেই ডেঙ্গুর জীবাণু ছড়ানো এডিস মশার আচরণ নিয়ে নতুন করে ভাবছেন গবেষকরা। দিনের মশা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au