সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় তাঁর হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য এবং হিসাব বিবরণী দিতে বলা হয়েছে।
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো ওই বার্তায় সালমান মোহাম্মদ মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বার্তাটিকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবেও উল্লেখ করা হয়েছে।
বিএফআইইউর পাঠানো নির্দেশনায় সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য ও হিসাব বিবরণীর সফট কপি দিতে বলা হয়েছে। একই সঙ্গে সংযুক্ত এক্সেল ফাইলে তাঁর হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ থেকে পাওয়া আয় এবং উৎসে কর বা টিডিএস-সংক্রান্ত তথ্যও দিতে বলা হয়েছে। ব্যাংকগুলোকে নির্ধারিত তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।
বিএফআইইউর বার্তায় তথ্যের গোপনীয়তা বজায় রাখার বিষয়েও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য বিএফআইইউর একটি পরিপত্রের সংশ্লিষ্ট ধারার কথাও উল্লেখ করা হয়। দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এই বার্তার প্রাপকের তালিকায় সরকারি, বেসরকারি ও বিদেশি মালিকানাধীন ব্যাংকও রয়েছে।
সাম্প্রতিক সময়ে সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে আলোচনার মধ্যে তাঁর ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার বিষয়টি সামনে এলো। সম্প্রতি দুর্বৃত্তরা তাঁর কার্যালয়ে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা হয়।
ঘটনার পর সালমান মুক্তাদির প্রথমে অভিযোগ করেছিলেন, বিএনপির লোকজন তাঁর কাছে চাঁদা চেয়েছিল। তবে পরে তিনি জানান, তাঁর কাছে সরাসরি চাঁদা চাওয়া হয়নি। ফলে কার্যালয়ে হামলার ঘটনা ও এর পেছনের কারণ নিয়ে বিভিন্ন আলোচনা তৈরি হয়।
এদিকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান মন্তব্য করেছেন, সালমান মুক্তাদিরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পাওয়া ব্যক্তিরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তিনি আশা করেন।
তবে বিএফআইইউ ঠিক কোন তদন্ত বা কারণে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে, সে বিষয়ে এই নির্দেশনায় বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। ফলে ব্যাংক হিসাব তলবের নির্দিষ্ট কারণও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।