রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে নতুন করে আঁকা তিন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। ছবি : সংগৃহীত
রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাতের পাশের দেয়ালে নতুন করে যুক্ত হয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, জসীমউদ্দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি। তবে দেয়াল থেকে মুছে ফেলা হয়েছে সাংবাদিক ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ফুটপাতের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১৩ অক্টোবর) নতুন প্রতিকৃতিগুলো আঁকা হয়।
নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্দীন এবং কবি জীবনানন্দ দাশ বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের প্রতিকৃতি যুক্ত হওয়ায় দেয়ালটির সাংস্কৃতিক পরিসর আরও বিস্তৃত হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন এই দেয়ালে এর আগে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল।
নতুন তিনটি প্রতিকৃতি যুক্ত হওয়ার পাশাপাশি সঞ্জীব চৌধুরীর ছবি বাদ পড়ায় দেয়ালের প্রতিকৃতি তালিকায় পরিবর্তন এসেছে। বিষয়টি নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার বুধবার দুপুরে বলেন, এটি তাঁদের পরিকল্পনার অংশ। আরও গুণী মানুষের প্রতিকৃতি যুক্ত করা হবে। এ জন্য কয়েকটি দেয়াল চূড়ান্ত করা হয়েছে। সেগুলোতে দ্রুত কাজ শুরু হবে।
সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে অন্যদের ছবি আঁকার বিষয়ে তিনি বলেন, দেয়ালে থাকা ব্যক্তিদের সঙ্গে সঞ্জীব চৌধুরীর সময়ের বড় ব্যবধান রয়েছে। অনেকে এখানে আইয়ুব বাচ্চু ও আজম খানের প্রতিকৃতি না থাকার বিষয়টিও তুলেছেন।
তিনি আরও জানান, তরুণ প্রজন্মের শিল্পী ও সংস্কৃতিকর্মীদের নিয়েও ডিএসসিসির পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় তাঁদের প্রতিকৃতি আঁকার উদ্যোগ নেওয়া হতে পারে।
প্রতিকৃতি আঁকার পাশাপাশি ফুটপাতটি সংস্কার করা হয়েছে। পথচারীদের সুবিধার জন্য বসানো হয়েছে ডাস্টবিন ও বেঞ্চ। সংস্কার করা হয়েছে সীমানাপ্রাচীরও।
গত ৫ অক্টোবর ফুটপাতটির সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে হকারদের বসতে দেওয়া হবে না। তবে তাঁদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে।