প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া। ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। এ সময় ব্যানারটিও জব্দ করা হয়।
আটক প্রধান শিক্ষকের নাম আবুল হাশেম ভূঁইয়া (৪৮)। তিনি উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে র্যালির আয়োজন করেন প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া। র্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বহন করা ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।
র্যালি শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যানারে শেখ হাসিনার নাম থাকার বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষককে আটক করে।
পুলিশ জানায়, আবুল হাশেম ভূঁইয়ার বাড়ি দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়নে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুনিয়া ইউনিয়ন শাখার সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা আয়োজনের বিষয়ে তাঁদের আপত্তি ছিল না। তবে ব্যানারে শেখ হাসিনার নাম থাকায় তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, ঘটনাটি যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়া শেষে প্রধান শিক্ষককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।