যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি
ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে গত রোববার ট্রাম্পের সঙ্গে আলোচনায় নতুন উদ্যোগের বিষয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন নেতানিয়াহু।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু হয়। যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয় এবং বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ে অস্থিরতা তৈরি হয়। সংঘাতের অবসান নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইরানে নতুন করে হামলার সম্ভাবনা সামনে আনলেন নেতানিয়াহু।
এক বিবৃতিতে ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ইরানের সরকারের পতন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। গতকালসহ বহুবার আমি এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছি।’
এদিকে, সোমবার অঘোষিত সফরে ইসরায়েল যান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেখানে নেতানিয়াহুর সঙ্গে ইরানসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান নিশ্চিত করেছেন, নেগেভ মরুভূমি অঞ্চলের উভদা বিমানঘাঁটিতে নেতানিয়াহু ও হেগসেথের বৈঠক হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, আঞ্চলিক হুমকি মোকাবিলায় আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক, উভয় ধরনের কৌশল নিয়ে মার্কিন-ইসরায়েল অংশীদারত্বের বিষয়ে আলোচনা করেছেন দুই নেতা।
তবে হেগসেথের এই সফর নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
নেতানিয়াহুর বক্তব্য ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সফর এমন এক সময়ে সামনে এল, যখন ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ইরানে নতুন হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হয়নি।
সূত্র:আল–জাজিরা