নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ
মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…
ওটিএন বাংলা ডেস্ক :
মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের সময় গুলিটি উদ্ধার করা হয়। এর আগে ভোরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা ডা. কৃষ্ণ দাস বিশ্বাস জানান, বুধবার দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের সময় সাকের হোসেনের মাথা থেকে ছোট আকারের একটি গুলি বের করা হয়। এটি পিস্তল বা রিভলভারের গুলি হতে পারে।
সাকের হোসেন মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকার বেপারীপাড়ার বাসিন্দা। তিনি রয়েল এক্সপ্রেস পরিবহনের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বাস টার্মিনালে আসেন। তাঁদের একজন কাউন্টারের বাইরে অপেক্ষা করছিলেন। অন্যজন কাউন্টারের ভেতরে ঢুকে সাকের হোসেনকে গুলি করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
পরে তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মাথার পেছনে ক্ষতচিহ্ন দেখে স্বজন ও স্থানীয়দের মধ্যে গুলিতে হত্যার সন্দেহ তৈরি হয়। ময়নাতদন্তে মাথার ভেতর থেকে গুলি উদ্ধারের পর সেই সন্দেহ আরও জোরালো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au