দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স। ছবি : সংগৃহীত
ওটিএন বাংলা ডেস্ক: ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মাগুরা থেকে আসা ‘কিং ফিশার’ নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শামিম রেজা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।