আব্দুল আহাদ মুন্না। ছবি: সংগৃহীত
রাজধানীর আদাবরে আব্দুল আহাদ মুন্না নামে যুবদলের এক সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আদাবর ১৩ নম্বর সড়কের শেষ মাথায় ইয়ার উদ্দিন খলিফা ফ্যাশনের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত মুন্নাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। আহত আব্দুল আহাদ মুন্না আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য।
পুলিশের তথ্য অনুযায়ী, পূর্ববিরোধের জেরে রিপন ওরফে বাচ্চা রিপন ও তাঁর সহযোগীরা মুন্নার ওপর হামলা চালান। এ সময় তাঁকে চাপাতি দিয়ে কোপানো হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় নিরাপত্তাকর্মীদের কাছ থেকে টাকা তোলা এবং আদাবর ১৩ নম্বর সড়কের একটি খালি কক্ষ যুবদলের কার্যালয় হিসেবে ব্যবহার করা নিয়ে মুন্না ও রিপনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হামলায় অভিযুক্ত রিপন ও আহত মুন্না দুজনই আদাবর থানা যুবদলের সদস্য। তাঁরা দুজনই যুবদল নেতা সজীব আহম্মেদ রানার অনুসারী হিসেবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সজীব ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি আদাবর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।