সাবেক সামরিক পাইলট তাহসিফ সৌরি। ছবি : সংগৃহীত
ওটিএন বাংলা রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও গোপনে ধারণ করা তাহসিফ সৌরি নামে এক সাবেক সামরিক পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরখান থানাধীন তুরাগ নদীর ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
তাহসিফ সৌরি গত ২৭ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন বলে দেওয়া তথ্যে জানা গেছে। তিনি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের সময় গণভবনের পেছন থেকে একটি ভিডিও ধারণ করেছিলেন তাহসিফ। ভিডিওটি ধারণের সময় তিনি সামরিক পাইলট হিসেবে কর্মরত ছিলেন বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া ৫ আগস্টের পর তিনি স্বেচ্ছায় বিমানবাহিনীর চাকরি ছেড়ে দেন বলে জানা গেছে।
নিখোঁজ হওয়ার পরদিন নদীর ঘাট থেকে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তিনি কীভাবে মারা গেছেন, তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল কি না কিংবা এটি হত্যাকাণ্ড কি না—এসব বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্তের তথ্য ছাড়াই এ ঘটনায় দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার যে দাবি করা হচ্ছে, তার পক্ষেও কোনো যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।