অ্যাডভোকেট সজল কুমার চক্রবর্তী | ছবি: সংগৃহীত
বরিশালে ভোরে মন্দিরে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তী (৬০)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর সদর রোডে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে আদালতপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সজল কুমার চক্রবর্তী বরিশাল নগরীর কালিবাড়ি রোড এলাকার দক্ষিণা রঞ্জন চক্রবর্তীর ছেলে। তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য ছিলেন।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. শাহ আলম জানান, বৃহস্পতিবার ভোরে সজল কুমার চক্রবর্তী সদর রোডে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অ্যাডভোকেট শাহ আলম আরও বলেন, সজল কুমার চক্রবর্তী স্পর্শকাতর বিভিন্ন মামলা পরিচালনা করছিলেন। এ কারণে তাঁর মৃত্যুকে স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে দেখছেন না সহকর্মীদের অনেকে। ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে তাঁদের আশঙ্কা। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন আইনজীবীরা।
তিনি বলেন, এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আইনজীবীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চান।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল জানান, বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে সজল কুমার চক্রবর্তীকে মুমূর্ষু অবস্থায় সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সকাল আটটার পর তাঁর মৃত্যু হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেলের এক আরোহীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোটরসাইকেল চালককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।