বিশ্ব

নাইজেরিয়ায় দুই সেনাঘাঁটিতে হামলা, পাল্টা অভিযানে ৪৮ যোদ্ধা নিহত

  • 3:40 am - October 31, 2026
  • পঠিত হয়েছে:১১০ বার
নাইজেরিয়ায় দুই সেনাঘাঁটিতে হামলা। ছবিঃ সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো ও ইয়োবে রাজ্যে সামরিক অবস্থানে সমন্বিত হামলা চালানোর পর পাল্টা অভিযানে ৪৮ জন ইসলামপন্থী যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। নিহতদের মধ্যে বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) সদস্যরা রয়েছেন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (৩০ অক্টোবর) নাইজেরীয় সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২৯ ও ৩০ অক্টোবরের মধ্যে বর্নো রাজ্যের বিট্টা এবং ইয়োবে রাজ্যের বুনি ইয়াদিতে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহবিরোধী সামরিক অভিযান পরিচালনাকারী জয়েন্ট টাস্ক ফোর্সের ‘অপারেশন হাদিন কাই’-এর সেনারা এসব অভিযানে অংশ নেন। বর্নো রাজ্যের গোওজা স্থানীয় সরকার এলাকার বিট্টায় সামরিক অবস্থান এবং ইয়োবে রাজ্যের গুজবা স্থানীয় সরকার এলাকার বুনি ইয়াদিতে অবস্থিত নর্থ ইস্ট থিয়েটার ট্রেনিং স্কুলে (এনইটিটিএস) হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যরা।

সেনাবাহিনীর ভারপ্রাপ্ত গণমাধ্যম ও তথ্য কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ গনি জানান, ২৯ অক্টোবর রাতে বিট্টায় সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় যোদ্ধারা। বিমানবাহিনীর সহায়তায় স্থলসেনারা হামলাকারীদের প্রতিহত করেন। এতে হামলাকারীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তারা হামলার পরিকল্পনা পরিত্যাগ করে পিছু হটতে বাধ্য হয়।

এরপর বর্নো রাজ্যের ঘটনার সঙ্গে সম্পর্কিত আরেকটি অভিযানে ইয়োবে রাজ্যের বুনি ইয়াদিতে অবস্থিত সামরিক প্রশিক্ষণকেন্দ্রে হামলাকারী আইএসডব্লিউএপি সদস্যদের বিরুদ্ধে পাল্টা অভিযান চালায় সেনাবাহিনী। ২৯ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর ভোর পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, অভিযানে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করা হয়। থিয়েটার কমান্ডের নির্দেশনায় স্থল ও বিমানবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করেন। এতে হামলাকারী যোদ্ধাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং ৪৮ জন নিহত হন বলে দাবি করেছে সেনাবাহিনী।

সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথা জানিয়েছে নাইজেরীয় সেনাবাহিনী। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৪২টি একে-৪৭ রাইফেল, পাঁচটি পিকেটি মেশিনগান, চারটি জেনারেল পারপাস মেশিনগান এবং একটি ৬০ মিলিমিটার মর্টার। এ ছাড়া ১০৫টি একে-৪৭ রাইফেলের ম্যাগাজিন, দুটি ভিডিও ক্যামেরা এবং বিভিন্ন ধরনের হাজার হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, দুই স্থানে সংঘর্ষে তাদের একজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাঁদের আঘাত গুরুতর নয় এবং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযানের পর সেনাদের মনোবল চাঙা রয়েছে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।

নাইজেরীয় সামরিক বাহিনী এই অভিযানকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, অভিযানে বোকো হারাম ও আইএসডব্লিউএপির সামরিক সক্ষমতা এবং ওই অঞ্চলে তাদের অভিযান পরিচালনার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১৭ বছর ধরে বোকো হারাম ও সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর বিদ্রোহ চলছে। এ বিদ্রোহ দমনে দীর্ঘদিন ধরে সামরিক অভিযান পরিচালনা করছে দেশটির সরকার। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেনা অবস্থান ও সামরিক স্থাপনায় হামলার ঘটনা বেড়েছে। নতুন করে বর্নো ও ইয়োবে রাজ্যে হামলার ঘটনা ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

সূত্রঃ গালফ নিউজ

এই শাখার আরও খবর

জার্মানির ৩০টির বেশি শহরে শনিবার জেন-জি বিক্ষোভের ডাক

শিক্ষা, জীবনযাত্রার ব্যয়, সামরিক খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং জলবায়ু সুরক্ষার দাবিতে জার্মানির ৩০টির বেশি শহরে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বিক্ষোভের ডাক দিয়েছে তরুণদের একটি…

ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা অ্যাটাশের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার মুহাম্মদ ইমরান ইউসুফ চৌধুরী। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঢাকার কুর্মিটোলা গলফ…

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ১০ বছর, বিচার হয়নি এখনো

ওটিএন বাংলা রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে সাম্প্রদায়িক হামলার ১০ বছর পূর্ণ হয়েছে আজ। ২০১৬ সালের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্ম অবমাননাকর…

পাবনায় বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু

পাবনার সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ…

বিন্যান্স থেকে ৭৭ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বিন্যান্সে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে হ্যাকাররা প্রায় ৬৩০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার ৫০০ কোটি টাকা)…

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছেন নেতানিয়াহু, বিরোধীদের অভিযোগ

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর বিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর দল লিকুদ পার্টি। আরব নেতৃত্বাধীন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au