পাবনায় বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু। ছবিঃ সংগৃহীত
পাবনার সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন সোনাপাতির বিলে মাছ ধরতে যান। বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে আটজন বিলের মধ্যে থাকা একটি টঙ ঘরে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। অপর দুজন গুরুতর আহত হন।
বজ্রপাতের পর হতাহত ব্যক্তিরা বেশ কিছুক্ষণ টঙ ঘরেই পড়ে ছিলেন। সন্ধ্যার দিকে আশপাশের এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে সেখানে ছুটে যান। পরে তারা টঙ ঘরে ছয়জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় কয়েকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগছে। পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধারের কাজ চলছে।