বিশ্ব

ইউক্রেনের সরকারি অ্যাপে সাইবার হামলা, পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তায় আতঙ্ক

  • 11:58 pm - November 02, 2026
  • পঠিত হয়েছে:৫১ বার
পরমাণু হামলার সতর্কবার্তা আসতে শুরু করলেও কিয়েভের অনেক বাসিন্দা অ্যাপটি হ্যাক হয়েছে বুঝতে পেরে সেগুলো উপেক্ষা করেন। ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের জরুরি সতর্কবার্তা দেওয়ার সরকারি মোবাইল অ্যাপে সাইবার হামলা চালিয়েছে অজ্ঞাত হ্যাকাররা। অ্যাপটি হ্যাক করে দেশটির নাগরিকদের মোবাইল ফোনে পারমাণবিক হামলার আশঙ্কাসহ বিভিন্ন ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়েছে। এতে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গভীর রাতে অ্যাপটির মাধ্যমে পারমাণবিক বিকিরণের উচ্চ ঝুঁকির সতর্কবার্তা পাঠানো হয়। একই সঙ্গে রাজধানী কিয়েভে রাসায়নিক হামলা এবং বিভিন্ন সড়কে সংঘর্ষের আশঙ্কার কথাও জানানো হয়।

ইউক্রেনীয় ও ইংরেজি দুই ভাষায় এসব ভুয়া বার্তা পাঠানো হয়েছিল। ইংরেজিতে পাঠানো বার্তাগুলোতে কয়েকটি বানান ভুলও ছিল।

স্থানীয় সময় রোববার রাত ১১টার কিছু আগে মোবাইল ফোনে এসব সতর্কবার্তা আসতে শুরু করে। অনেক বাসিন্দা দ্রুতই বুঝতে পারেন, অ্যাপটি হ্যাক হয়েছে। ফলে তাঁরা বার্তাগুলো উপেক্ষা করেন। তবে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।

নিনা নামের এক নারী গার্ডিয়ানকে বলেন, ‘কিছুক্ষণের জন্য ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম। বিছানায় শুয়ে ভাবছিলাম, সামনে কী ঘটতে যাচ্ছে।’

রুশ ভাষায় পাঠানো আরেকটি বার্তায় দাবি করা হয়, ইউক্রেনে রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা হতে যাচ্ছে। এসব ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতা রয়েছে।

এর আগে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলায় ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। কিয়েভ অঞ্চল, দিনিপ্রো ও লভিভে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।

সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে রোববার এক বিবৃতিতে ইউক্রেনের জরুরি সতর্কবার্তা অ্যাপ কর্তৃপক্ষ জানায়, তৃতীয় পক্ষের অননুমোদিত হস্তক্ষেপের কারণে অ্যাপটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ব্যবহারকারীদের সন্দেহজনক নোটিফিকেশনে থাকা কোনো লিংকে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়।

তবে কারা এবং কী উদ্দেশ্যে এই সাইবার হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাশিয়ার সরকারি অ্যাপেও হামলার অভিযোগ

এদিকে রাশিয়ার সরকারি জরুরি সতর্কবার্তা অ্যাপেও একই ধরনের সাইবার হামলার অভিযোগ উঠেছে। দেশটির জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা মন্ত্রণালয় পরিচালিত অ্যাপটির মাধ্যমেও রুশ নাগরিকদের কাছে ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে দাবি করেছেন রুশ কর্মকর্তারা।

হ্যাকারদের একটি পোস্টে ‘হিটকোর’ নামে একটি হ্যাকিং গোষ্ঠীর উল্লেখ পাওয়া যায়। রুশ নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল ম্যাশ জানিয়েছে, তারা ওই গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে এবং গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেছে।

তবে হিটকোরের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি গার্ডিয়ান।

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই নতুন হামলা

ইউক্রেনে ভুয়া পারমাণবিক হামলার সতর্কবার্তা পাঠানোর ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন দেশটির দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে আবারও হামলা শুরু করেছে রাশিয়া। এর কয়েক ঘণ্টা আগেই দুই দেশের মধ্যে কার্যকর হওয়া আংশিক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ছয় দিনের ওই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। যুদ্ধবিরতি চলাকালে ক্রেমলিনের নিয়ন্ত্রণাধীন ইউক্রেনীয় শহর ওলেশকি থেকে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়।

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে হামলা শুরু হওয়া এবং একই সময়ে ভুয়া জরুরি সতর্কবার্তা ছড়িয়ে পড়ায় ইউক্রেনে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ২ হাজার ৬০ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ২২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার…

গেজেট তালিকায় বর্মণ ও কোচ, সরকারি জরিপে বাদ পড়লেন বহু মানুষ

সরকারি গেজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে স্বীকৃতি থাকলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপে বাদ পড়েছেন বর্মণ ও…

শ্রমিক আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ, চাপে সরকার?

ওটিএন বাংলা রিপোর্ট :  পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শুরু হওয়া আন্দোলন চতুর্থ দিনেও থামেনি। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক…

ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯

ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলে কলম্বিয়ার একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে সেনাবাহিনীর চালানো হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে দেশটির আপুরে রাজ্যে এ অভিযান…

যশোরে ‘শেখ হাসিনা আসছে’ বলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড

ওটিএন বাংলা রিপোর্ট : যশোরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে…

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড ঘোষণা, ফিরলেন ডি জর্জি-হামজা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au