ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭০
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১…
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিন্টুকে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, মামলার তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে মিন্টুর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৭ অক্টোবর রাত ১টা ৪০ মিনিটে নিজ বাসা থেকে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। পরে তাঁকে নাটোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
মামলার সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা হেলমেট ও মাস্ক পরা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করে ধরে ফেলে দুর্বৃত্তরা। পরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। এতে তাঁর হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে গত ২৬ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত শাকিল গুরুদাসপুর পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au