গ্রেপ্তার প্রধান শিক্ষক ভবানন্দ পাল। ছবি : সংগৃহীত
ওটিএন বাংলা রিপোর্ট :
ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক ভবানন্দ পালকে চেকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের মন্দিরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। সোমবার (২ নভেম্বর) আদালতে জামিন আবেদন করেও তা পাননি তিনি।
পুলিশ ও মামলাসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, মামলার বিচারিক কার্যক্রম চলাকালে আদালতে উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতেই সদর থানা পুলিশ তাঁকে আটক করে।
ভবানন্দ পাল জেলার পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও স্থানীয় এলাকায় আলোচনা তৈরি হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ভবানন্দ পালকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়। পরে জামিন চেয়ে আবেদন করা হলেও আদালত তা মঞ্জুর করেননি।