মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন।
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান এ আন্দোলনের মধ্যে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন। তবে মেট্রোরেলের অন্য স্টেশনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের এই আন্দোলন টানা চতুর্থ দিনে গড়িয়েছে।
এদিকে সংঘর্ষের পরিস্থিতিতে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সকালে এমআরটি পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিয়ন্ত্রণকক্ষের পক্ষ থেকে জানানো হয়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেওয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বর্তমানে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না। ফলে সেখান থেকে যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে স্বাভাবিক হলে মিরপুর-১১ নম্বর স্টেশন আবার চালু করা হবে বলে জানিয়েছে এমআরটি পুলিশের নিয়ন্ত্রণকক্ষ।