অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ছবি: সংগৃহীত
ঢাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫০টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, সোনার চেইন, যানবাহন, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৮২ জন, মিরপুর বিভাগে ১৩৮ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।
অভিযানে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, দুটি সোনার চেইন, একটি প্রাইভেট কার, একটি মিশুক গাড়ি, আটটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
ডিসি মো. আকতার হোসেন বলেন, শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। এ সময় মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।