পার্থের বিমানবন্দরে বিমানের আসন পরিবর্তনের অনুরোধ করায় এক কেবিন ক্রু সদস্যকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার পার্থে বিমানবন্দরে উড়োজাহাজের ভেতরে কেবিন ক্রু ম্যানেজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ৫৭ বছর বয়সী এক যাত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, গতকাল ওই যাত্রী পার্থ থেকে মেলবোর্ন যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন। আসন পরিবর্তনের অনুরোধ জানানোকে কেন্দ্র করে তিনি বিমানের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। একপর্যায়ে এক কেবিন ক্রু সদস্যকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ওই যাত্রী বিমানের জরুরি বহির্গমন পথের পাশের একটি আসনে বসেছিলেন। টয়লেটে যাওয়ার আগেও তিনি কর্মীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন। পরে তাঁকে ওই আসন ছেড়ে অন্য আসনে যাওয়ার অনুরোধ জানানো হয়।
এ সময় তিনি ওপরের লাগেজ রাখার স্থান থেকে নিজের ব্যাগ নামাতে গিয়ে কেবিন ক্রু ম্যানেজারের বুকে দুই হাত দিয়ে ধাক্কা দেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে এক সহযাত্রী তাঁকে নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। এরপর বিমান থেকে নামিয়ে আনা হলে এএফপির কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন।
ওই যাত্রীর বিরুদ্ধে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিমিনাল কোড অ্যাক্ট কম্পাইলেশন অ্যাক্ট ১৯১৩-এর ৩১৩ ধারায় সাধারণ শারীরিক আক্রমণের একটি অভিযোগ আনা হয়েছে।
এই অপরাধে সর্বোচ্চ ১৮ মাসের কারাদণ্ড অথবা ১৮ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
সূত্র: নাইন.কম.এইউ