কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, স্থানীয় জনগণের জন্য বর্তমানে কোনো নিরাপত্তাঝুঁকি নেই। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে সহিংস হামলার পরিকল্পনার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে সন্ত্রাসবিরোধী পুলিশ। তার বিরুদ্ধে কাউকে হত্যা বা গুরুতর শারীরিক ক্ষতি করার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার জাতীয় নিরাপত্তা হটলাইনে একটি তথ্য পাওয়ার পর সন্ত্রাসবিরোধী তদন্ত দল জরুরি ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে কুইন্সল্যান্ডের আঞ্চলিক শহর সাউথ গ্ল্যাডস্টোনের ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে হত্যা বা গুরুতর শারীরিক ক্ষতি করার পরিকল্পনার একটি অভিযোগ আনা হয়েছে। আদালতে জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর হয়েছে। শনিবার তাকে গ্ল্যাডস্টোন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
এদিকে কিশোরকে গ্রেপ্তারের পর স্থানীয় বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই বলে জানিয়েছে কুইন্সল্যান্ড পুলিশ।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।’
বিবৃতিতে আরও বলা হয়, কুইন্সল্যান্ডের সব বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে পুলিশ।
সূত্র: নাইন.কম.এইউ