একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সব সময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি ইঞ্জিনিয়ার্স কোরের সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নাটোরের কাদিরাবাদে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে আয়োজিত ইঞ্জিনিয়ার্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও সপ্তম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান ও ইঞ্জিনিয়ার্স কোরের বর্তমান কর্নেল কমান্ড্যান্ট হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইঞ্জিনিয়ার্স কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি এ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ ও জাতির কল্যাণে যুদ্ধকালীন ও শান্তিকালীন অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স কোরের কার্যক্রম, উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় কোরের সব সদস্যকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট এবং ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার উপস্থিত ছিলেন।
এ ছাড়া চিফ কনসালট্যান্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ইঞ্জিনিয়ার্স কোরের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারের সদস্য এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।