গ্রেপ্তার রেজাউল বারী। ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগরে জ্বিনের আসর তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের এক খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে শ্রীনগর বাজার এলাকা থেকে মো. রেজাউল বারী (৪৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
রেজাউল বারী শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। তাঁর বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, কিশোরীর অসুস্থতার জন্য তার পরিবারের ধারণা ছিল, তার ওপর জ্বিনের প্রভাব রয়েছে। এ কারণে চলতি বছরের ২০ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা খতিব রেজাউল বারীর শরণাপন্ন হন। ওই সময় তিনি কিশোরীকে তাবিজ-কবজ দেন। এতে কিছুদিন সুস্থ বোধ করলেও পরে আবার অসুস্থ হয়ে পড়ে সে।
পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে খতিবের সঙ্গে যোগাযোগ করেন কিশোরীর পরিবারের সদস্যরা। তাঁর পরামর্শে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরীকে নিয়ে শ্রীনগর বাজার এলাকায় তাঁর ভাড়া বাসায় যান মা-বাবা।
অভিযোগ অনুযায়ী, সেখানে জ্বিন হাজির করার কথা বলে কিশোরীকে একটি কক্ষে নিয়ে যান রেজাউল বারী। এরপর ঘরের আলো নিভিয়ে অন্ধকার করে জ্বিন তাড়ানোর নামে বিভিন্ন কৌশলে কিশোরীকে জোরপূর্বক যৌন নিপীড়ন করেন তিনি।
ঘটনার পর রাতেই শ্রীনগর থানা পুলিশের কাছে অভিযোগ করেন কিশোরীর মা-বাবা। পরে ভুক্তভোগীর জবানবন্দির ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিল্টন দত্ত বলেন, ভুক্তভোগী কিশোরীর জবানবন্দির ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শ্রীনগর বাজার এলাকা থেকে রেজাউল বারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।