বাংলাদেশ আওয়ামী লীগ।ছবিঃ সংগৃহীত
আগামী ডিসেম্বরে দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্য সামনে রেখে নভেম্বর মাসে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী শনিবার (১৪ নভেম্বর) থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এসব কর্মসূচি পালন করবে দলটি। কর্মসূচির শেষ দিনে ১৯ নভেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক লকডাউনের ডাক দেওয়া হয়েছে। এতে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সর্বাত্মক সমর্থন চাওয়া হয়েছে।
দলটির ঘোষিত কর্মসূচির মূল লক্ষ্য ‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে’ শীর্ষক আট দফা দাবি বাস্তবায়ন এবং আগামী ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় ও মামলাগুলো প্রত্যাহার, দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, সব রাজবন্দির মুক্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বন্ধ শিল্পকারখানা চালু, নাগরিকদের জানমালের নিরাপত্তা এবং শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ঘোষিত কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তাঁর দেওয়া সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর শনিবার সারাদেশে আট দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ, দেওয়াল লিখন, প্রচার-প্রচারণা ও ব্যাপক গণসংযোগ চালানো হবে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেবেন।
১৫ নভেম্বর রোববার আওয়ামী লীগের সব সাংগঠনিক ইউনিটে আট দফা দাবির সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলীয় সংগঠনগুলোকে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
১৬ নভেম্বর সোমবার জেলা পর্যায়ে এবং আন্তর্জাতিক পরিসরে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে। এদিন দেশের সব জেলা শাখার উদ্যোগে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে আট দফা দাবিসংবলিত স্মারকলিপি পেশ করা হবে। একই দিনে কেন্দ্রীয়ভাবে ঢাকায় অবস্থিত বিভিন্ন বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করেছে দলটি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
এ ছাড়া আওয়ামী লীগের প্রবাসী শাখাগুলোর উদ্যোগে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট এবং আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরেও স্মারকলিপি পেশ করা হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীর কবির নানক।
১৭ নভেম্বর মঙ্গলবার সারাদেশে ‘কালো দিবস’ পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলটির ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের এই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছিল। ওই রায়কে ‘সাজানো’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ এবং রায় ও ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কালো দিবস উপলক্ষে দিনব্যাপী কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয় ও নির্ধারিত স্থানে কালো পতাকা উত্তোলন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। দলের নেতাকর্মীদের এসব কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সপ্তাহব্যাপী কর্মসূচির সবচেয়ে বড় কর্মসূচি হিসেবে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটির ঘোষণায় বলা হয়েছে, আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে।
আওয়ামী লীগের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, লকডাউন চলাকালে যানবাহন চলাচল, দোকানপাট, শিল্পকারখানা, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদমাধ্যম, হাসপাতাল ও ওষুধের দোকানকে জরুরি সেবার আওতাভুক্ত রেখে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম এবং সংশ্লিষ্ট যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নেতাকর্মীদের সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় প্রয়োজনে ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং প্রবাসী শাখাগুলোকেও কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশ বাঁচাতে ও মানুষ বাঁচাতে ঘোষিত কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে আওয়ামী লীগ।
দলটির ঘোষিত কর্মসূচিতে ১৯ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে পরিবহন, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে এ কর্মসূচি বাস্তবে কতটা পালিত হবে এবং এর প্রভাব কী হবে, তা নির্ভর করবে মাঠপর্যায়ে দলীয় নেতাকর্মীদের তৎপরতা ও সার্বিক পরিস্থিতির ওপর।