বাংলাদেশ

নিষেধাজ্ঞার মধ্যেও বড় হচ্ছে আ. লীগের মিছিল

  • 2:41 am - November 14, 2026
  • পঠিত হয়েছে:২৭০ বার
রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল। ছবি : সংগৃহীত

ভাস্কর দত্ত : 

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও রাজপথে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঘরোয়া বৈঠক, অনলাইন যোগাযোগ ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় সংগঠিত হয়ে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা। এসব কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে জনমত তৈরির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম বলেন, নেতাকর্মীরা বাসাবাড়িতে অবস্থান না করে বাইরে থেকেই যোগাযোগ রক্ষা করছেন। তাঁর ভাষ্য, সাম্প্রতিক সময়ে মিছিলের সংখ্যা ও অংশগ্রহণকারীর সংখ্যা দুটোই বাড়ছে।

নাঈমের দাবি, কেন্দ্রীয় নির্দেশনার পর গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছেন। শেখ হাসিনার দেশে ফেরার দাবিকে কেন্দ্র করে এসব কর্মসূচি নেওয়া হচ্ছে।

ঘরোয়া বৈঠক ও অনলাইন যোগাযোগ

ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা নিয়মিত ঘরোয়া বৈঠক করছেন। কখনো বাসাবাড়িতে, কখনো রেস্টুরেন্টে বসছেন তাঁরা। বিদেশে অবস্থানরত নেতারাও ভার্চুয়াল বৈঠকে যুক্ত হচ্ছেন।

ঢাকার বাইরের এক নেতা পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, শুরুতে নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ কম ছিল। এখন কেন্দ্রীয় নেতারা যোগাযোগ বাড়িয়েছেন এবং মাঠে নামতে উৎসাহ দিচ্ছেন।

ওই নেতার ভাষ্য, সক্রিয় নেতাকর্মীদের নতুন কমিটিতে জায়গা দেওয়ার কথাও জানানো হচ্ছে। ফলে দীর্ঘদিন যোগাযোগের বাইরে থাকা অনেকে আবার সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন।

আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত

ঝটিকা মিছিলের কৌশল

মুন্সীগঞ্জের শ্রীপুর উপজেলার ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুল বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা এলাকায় না থাকলেও ইউনিয়ন পর্যায়ের নেতারা যোগাযোগ রক্ষা করছেন। মোবাইল ফোনে যোগাযোগ করেই তাঁরা মিছিলের আয়োজন করছেন।

মিছিলের নিরাপত্তা নিয়ে মনিরের দাবি, নির্দিষ্ট স্থান ও সময় জানিয়ে দেওয়া হয়। সামনে-পেছনে আলাদা দল রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়, যাতে কর্মসূচি শেষে সবাই নিরাপদে সরে যেতে পারেন।

শেখ মোহাম্মদ নাঈমও বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় কার্যক্রম পরিচালনা করছেন। মিছিলের আগে গোপনীয়তা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তথ্য যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রতিপক্ষের কাছে না পৌঁছায়, সে বিষয়েও সতর্কতা রাখা হচ্ছে বলে তাঁর দাবি।

সহিংসতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

তবে এসব কর্মসূচিকে ঘিরে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে মিছিল থেকে ককটেল ছোড়ার দৃশ্য দেখা গেছে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৫ নভেম্বর ঢাকার আর্মি গলফ ক্লাবের সামনে মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে মিছিল থেকে ককটেল ছোড়ার দৃশ্যও দেখা যায়। গোপালগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান এবং শ্রীমঙ্গলে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতা হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনাও আলোচনায় এসেছে।

বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল এসব সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে। তাদের মূল্যায়ন, কর্মসূচির মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে।

তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগ সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না। মিছিলের সংখ্যা ও অংশগ্রহণ বাড়ছে এবং এর মাধ্যমে সরকারের ওপর চাপ তৈরি হচ্ছে।

এই শাখার আরও খবর

নির্বাসন থেকে আবার প্রত্যাবর্তন? সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ

একবার নির্বাসন থেকে ফিরে বাংলাদেশের সরকারপ্রধান হয়েছিলেন শেখ হাসিনা। দ্বিতীয়বার ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রীর জীবনে কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে? ভারতের কংগ্রেস নেত্রী…

কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে আওয়ামী লীগ, ১৯ নভেম্বর লকডাউনের ডাক

আগামী ডিসেম্বরে দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্য সামনে রেখে নভেম্বর মাসে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।…

মাজার-মন্দিরে হামলা ও মব সন্ত্রাসের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল

রাজধানীর শাহবাগে মাজার–মন্দিরসহ ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মব সন্ত্রাস, আইনবহির্ভূত হত্যাকাণ্ড এবং বাড়িঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল…

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল

স্থগিত হওয়া বাংলাদেশ ও ভারতের পঞ্চম কনস্যুলার সংলাপ দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন,…

বাংলাদেশের রাজনীতি নিয়ে দিল্লি-ওয়াশিংটন তৎপরতা, হাইকমিশনারের ধারাবাহিক বৈঠক কি ইঙ্গিত দিচ্ছে?

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, আওয়ামী লীগের কার্যক্রম এবং নিরাপত্তা ইস্যুতে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের অবস্থানে কোনো পরিবর্তন আসছে কি না, তা নিয়ে নতুন…

খাবারের সিরিয়াল নিয়ে বিরোধ, মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

ঢাকার মহাখালীর জনপ্রিয় খাবারের রেস্তোরাঁ ‘দূরবীন বাংলা’য় খাবার খেতে বসার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একদল যুবক রেস্তোরাঁয় ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au