চট্টগ্রামের রাউজানে ইসলামী ফ্রন্টের এক নেতার কাছে মুঠোফোনে ফোন করে চাঁদা দাবি এবং তা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নেতা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
হুমকির শিকার নেতার নাম মাওলানা ইলিয়াস নুরী। তিনি ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা শাখার সভাপতি। পাশাপাশি রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।
থানায় দেওয়া লিখিত অভিযোগে ইলিয়াস নুরী উল্লেখ করেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে কল করে চাঁদা দাবি করা হয়। এ সময় ফোনের অপর প্রান্ত থেকে স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসীর নাম উল্লেখ করে চাঁদা দিতে বলা হয়। ১৫ মিনিটের মধ্যে বিকাশের একটি নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দিয়ে হুমকিদাতা বলেন, ‘পোলাপান চালানোর জন্য আপনাকে চাঁদা দিতে হবে। ১৫ মিনিটের মধ্যে এই বিকাশ নম্বরে চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব।’
অভিযোগে আরও বলা হয়, প্রথমবার ফোন করার প্রায় ১০ মিনিট পর একই নম্বর থেকে আবারও কল করা হয়। এ সময় চাঁদা পাঠানো হয়েছে কি না জানতে চেয়ে দ্রুত টাকা পাঠানোর তাগিদ দেওয়া হয়। পাশাপাশি বলা হয়, তাঁকে বাঁচানোর জন্য আবার ফোন করা হয়েছে। চাঁদা না দিলে হত্যা করা হবে। হুমকিদাতা দাবি করেন, তাঁরা অনেক মানুষকে হত্যা করেছেন, তাঁকেও গুলি করে মেরে ফেলবেন।
জানতে চাইলে মাওলানা ইলিয়াস নুরী বলেন, ফোনে হুমকি দেওয়ার সময় তিনি মসজিদে ছিলেন। চাঁদা দাবি করা হলেও কত টাকা দিতে হবে, তা জানানো হয়নি। এমনকি কলদাতা নিজের পরিচয়ও দেননি। স্থানীয় এক সন্ত্রাসীর নাম ব্যবহার করে বিকাশের একটি নম্বরে টাকা পাঠাতে বলা হয়েছে।
ইলিয়াস নুরী বলেন, ‘আমাকে বলেছে, পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব। কসম কেটে বলেছে, চাঁদা না দিলে আমাকে হত্যা করা হবে। আমি এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’