পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পৃথক সামরিক অভিযানে ৭৪ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ছবি: সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পৃথক সামরিক অভিযানে ৭৪ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। নিহত ব্যক্তিদের মধ্যে ৪৩ জন খাইবার পাখতুনখোয়া এবং ৩১ জন বেলুচিস্তানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
শুক্রবার পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য জানায়।
আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ নভেম্বর থেকে অভিযান শুরু হয়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান ও ওরাকজাই জেলা এবং বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযান এখনো চলছে।
বিবৃতিতে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে ৩১ জন বেলুচিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ‘ফিৎনা আল-হিন্দুস্তান’ এবং ৪৩ জন খাইবার পাখতুনখোয়াভিত্তিক গোষ্ঠী ‘ফিৎনা আল-খারিজ’-এর সদস্য। পাকিস্তানি সেনাবাহিনী যথাক্রমে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ও তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) এসব নামে অভিহিত করে থাকে।
আইএসপিআরের দাবি, অভিযানে তিনটি এলাকার বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক আস্তানায় হামলা চালানো হয়। পরে এসব আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিৎনা আল-খারিজ ও ফিৎনা আল-হিন্দুস্তানের সন্ত্রাসীদের নির্মূল করতে পাকিস্তানের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ধারাবাহিক সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে। আজম-ই-ইস্তেকাম (স্থিতিশীলতার সংকল্প) কর্মসূচির আওতায় পাকিস্তানের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূলে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।’
পাকিস্তানে বেড়েছে সহিংসতা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় রয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। গোষ্ঠীটি পাকিস্তান থেকে অঞ্চলটিকে বিচ্ছিন্ন করে পৃথক তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সশস্ত্র তৎপরতা চালিয়ে আসছে।
অন্যদিকে, বেলুচিস্তানে প্রায় সাত দশক ধরে সক্রিয় রয়েছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। গোষ্ঠীটি বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ও সহিংসতার ঘটনা বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে এসব হামলার প্রবণতা বেশি।
পাকিস্তানের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শেষ চার মাসে দেশটির সহিংসতার অন্যতম প্রধান কেন্দ্র ছিল এই দুই প্রদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে খাইবার পাখতুনখোয়া।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়ায় ১৫১টি সন্ত্রাসী বা সহিংস হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। সারা দেশে একই সময়ে সংঘটিত সহিংস ঘটনার ৫৭ শতাংশই ঘটেছে এই প্রদেশে।
সূত্র : জিও টিভি