(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা (ডান দিকে)। ছবি: সংগৃহীত
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দু’জনেই ফিরলেন শূন্য রানে। আর তাতেই এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডে ভাগ বসালেন কোহলি। একই তালিকায় ক্রমশ উপরের দিকে উঠে আসছেন রোহিতও।
শুক্রবারের ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির মোট ডাকের সংখ্যা দাঁড়াল ২০। ৩২১টি ম্যাচ খেলেই এই নজির গড়লেন তিনি। এর আগে ৪৬৩টি এক দিনের ম্যাচে ২০ বার শূন্য রানে আউট হয়েছিলেন সচিন তেন্ডুলকর। অর্থাৎ, এই তালিকায় সচিনের সমান জায়গায় পৌঁছে গেলেন কোহলি। আর এক বার শূন্য রানে আউট হলেই সচিনকে ছাপিয়ে যাবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
তবে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের তালিকায় শুধু কোহলি নন, রয়েছেন রোহিতও। শুক্রবার শূন্য রানে আউট হওয়ার ফলে এক দিনের ক্রিকেটে তাঁর ডাকের সংখ্যা বেড়ে হল ১৮। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় যুগ্ম ভাবে চতুর্থ স্থানে রয়েছেন তিনি।
ভারতীয়দের মধ্যে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার নজির রয়েছে সচিন ও কোহলির দখলে। দু’জনেই ২০ বার করে ডাক করেছেন। ১৯ বার শূন্য রানে আউট হয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জাভাগল শ্রীনাথ। ১৮ বার ডাক করে যুগ্ম ভাবে চতুর্থ স্থানে রোহিত শর্মা ও অনিল কুম্বলে।
ক্রিকেটজীবনে একের পর এক রেকর্ড গড়েছেন কোহলি। ভেঙেছেন সচিনের একাধিক কীর্তিও। কিন্তু শূন্য রানে আউট হওয়ার এই তালিকায় সচিনকে ছাপিয়ে যাওয়ার নজির নিশ্চয়ই তাঁর রেকর্ডের খাতায় দেখতে চাইবেন না ভারতীয় তারকা।
সূত্র: আনন্দবাজার.কম