গোপালগঞ্জের মুকসুদপুরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত একটি প্রাইভেটকার। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরসহ ১০টি যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতা ইলিয়াস ফকির নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ২০ থেকে ২৫ জনকে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় সংসদ সদস্যের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই একের পর এক যানবাহন দুর্ঘটনায় পড়ে। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
এ দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরও ওই এলাকায় ছিল। তিনি ঢাকা থেকে নির্বাচনী এলাকার উদ্দেশে যাচ্ছিলেন। মুকসুদপুরে প্রবেশের সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় তার গাড়িবহরের দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হলেও সংসদ সদস্য অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে ২০ থেকে ২৫ জন গুরুতর। তাদের উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ক্যাপশন :
গোপালগঞ্জের মুকসুদপুরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত একটি প্রাইভেটকার। ছবি : সংগৃহীত