আগুনে পুড়ছে এমপি জিলানীর বাড়ির সম্মুখভাগ। ছবি : সংগৃহীত
ভাস্কর দত্ত :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক রাতেই থানা, সংসদ সদস্যের বাড়ি ও পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নাশকতার মামলায় গ্রেপ্তার কয়েকজনকে ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় থানায় হামলার মধ্য দিয়ে সহিংসতার সূত্রপাত।
পরে হামলাকারীরা সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতেও হামলা হয়। এসব ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলার সংশ্লিষ্টতার অভিযোগ ছিল।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর তাঁদের ছাড়িয়ে নিতে স্থানীয় নেতাকর্মীরা থানার সামনে জড়ো হতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষোভকারীরা থানার দিকে অগ্রসর হন।

টুঙ্গীপাড়া থানায় আগুন দিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত
থানা ঘেরাও, ভাঙচুর ও অগ্নিসংযোগ
একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা ও সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এরপর হামলাকারীরা থানা কমপ্লেক্সে ঢুকে ভাঙচুর চালান এবং ভবনে আগুন ধরিয়ে দেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, থানার হাজতখানা ভেঙে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়। থানা কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও অন্যান্য স্থাপনাতেও আগুন দেওয়া হয়। পুলিশের অস্ত্র লুটের অভিযোগও উঠেছে।
থানায় হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হামলাকারীরা মিছিল নিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে পাটগাতী এলাকায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ির দিকে যান।
এমপির বাড়ি ও আশপাশের স্থাপনায় হামলা
রাত ৮টা থেকে ৯টার মধ্যে সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে একদল লোক বিভিন্ন স্লোগান দেন।
সংসদ সদস্যের বাড়ির পাশাপাশি তাঁর স্বজন ও প্রতিবেশীদের ২০ থেকে ৩০টি বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ জানান, থানা ও কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর তাঁরা পেয়েছিলেন। কিন্তু নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের স্টেশন থেকে বের হতে সমস্যা হচ্ছিল। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।

গোপালগঞ্জের বেদগ্রামে সংবাদ সম্মেলনে কথা বলেন মো. আসাদুজ্জামান গনী। ছবি: চ্যানেল 24
আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতেও আগুন
থানা ও সংসদ সদস্যের বাড়িতে হামলার খবর পেয়ে গোপালগঞ্জ জেলা শহর থেকে পুলিশ ও বিজিবির সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে সদর উপজেলার খালেকবাজার এলাকায় তাঁদের বহর বাধার মুখে পড়ে। সেখানে সড়কে ব্যারিকেড তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচল ঠেকানোর চেষ্টা করা হয়। এ সময় আনসার ব্যাটালিয়নের গাড়িসহ ছয়টি গাড়িতে অগ্নিসংযোগের তথ্য দেওয়া হয়েছে।
একের পর এক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্তত ১০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে আহতদের পরিচয় ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।