বাংলাদেশ

পোশাকশ্রমিকদের মজুরি প্রতিবছর পর্যালোচনার সুপারিশ যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের

  • 2:36 am - November 19, 2026
  • পঠিত হয়েছে:২৩ বার
প্রতিবছর পর্যালোচনার সুপারিশ যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের।

বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনা ও সমন্বয়ের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। শ্রমিকদের ক্রয়ক্ষমতা ধরে রাখা, মজুরি নির্ধারণ ঘিরে উত্তেজনা কমানো এবং শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ সুপারিশ করেছে সংগঠনটি।

১৫ নভেম্বর লেখা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন এএএফএর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামার। চিঠিতে সংগঠনটি উল্লেখ করেছে, ২০২৩ সালের পর থেকে বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি আর সমন্বয় করা হয়নি। অথচ এই সময়ে দেশে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি জ্বালানির উচ্চমূল্যের কারণে পরিবারগুলোর ব্যয়ভারও বেড়েছে।

এএএফএর মতে, প্রতিবছর ন্যূনতম মজুরি পর্যালোচনার ব্যবস্থা চালু করা হলে শ্রমিকদের ক্রয়ক্ষমতা ধরে রাখা সহজ হবে। একই সঙ্গে মজুরি নির্ধারণকে কেন্দ্র করে বারবার যে উত্তেজনা ও অস্থিরতা তৈরি হয়, তা কমানো সম্ভব হবে। এতে শ্রমিক ও নিয়োগকর্তা উভয় পক্ষই মজুরি সমন্বয়ের বিষয়ে আগে থেকে ধারণা পাবেন এবং পরিকল্পিতভাবে ধাপে ধাপে নতুন মজুরি কার্যকর করতে পারবেন।

ন্যূনতম মজুরি পর্যালোচনার ক্ষেত্রে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে সংগঠনটি। প্রথমত, মজুরি নির্ধারণের আলোচনা হতে হবে অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও তথ্য-প্রমাণভিত্তিক। এ প্রক্রিয়ায় শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়নসহ সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

দ্বিতীয়ত, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতিমালা অনুসরণ করে এমনভাবে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে, যাতে শ্রমিকেরা নিজেদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি কিছুটা অতিরিক্ত ব্যয় করার সামর্থ্য অর্জন করতে পারেন। তবে মজুরি নির্ধারণের সময় মূল্যস্ফীতির চাপ এবং বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও বিবেচনায় রাখতে হবে।

তৃতীয়ত, মজুরি নির্ধারণ ও পর্যালোচনার ক্ষেত্রে কার্যকর এবং স্বচ্ছ ত্রিপক্ষীয় আলোচনা নিশ্চিত করতে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ থেকে পোশাক কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দিয়েছে এএএফএ। সংগঠনটি বলেছে, পণ্যের দাম নির্ধারণের সময় শ্রমিকদের মজুরি ও শ্রম ব্যয় যথাযথভাবে বিবেচনায় নিতে হবে। এএএফএ জানিয়েছে, তাদের সদস্যপ্রতিষ্ঠানগুলো দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

চিঠিতে বাংলাদেশের সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভের বিষয়টিও তুলে ধরেছে সংগঠনটি। এএএফএর আহ্বান, ন্যূনতম মজুরি পর্যালোচনার সময় এবং পরবর্তী সময়ে আলোচনায় অংশ নেওয়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধ এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের গ্রেপ্তার না করার বিষয়েও গুরুত্ব দিয়েছে তারা।

এ ছাড়া শ্রমিক ইউনিয়নের সদস্যদের ওপর হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এএএফএ। সংগঠনটির মতে, শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা এবং যৌথ দর-কষাকষির অধিকার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শ্রমিকেরা যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, সে পরিবেশও তৈরি করতে হবে।

এএএফএ মনে করে, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে মজুরি নির্ধারণকারী প্রতিষ্ঠানের ওপর তাদের আস্থা বাড়বে। এতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সামাজিক সংলাপ জোরদার হবে। পাশাপাশি আলোচনার মাধ্যমে মজুরি সমন্বয়ের বিষয়ে যে ঐকমত্য তৈরি হবে, তা বাস্তবায়ন করাও সহজ হবে।

বাংলাদেশে ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং মজুরি পর্যালোচনার বিষয়ে সরকার, তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এবং শ্রমিক প্রতিনিধিদের একসঙ্গে কাজ করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে । সংগঠনটি আশা প্রকাশ করেছে, সব পক্ষের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক আলোচনা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দ্রুত এমন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে, যেখানে সংশ্লিষ্ট সবার মতামতের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতাও প্রতিফলিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরকে।

এই শাখার আরও খবর

মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত…

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, বাধা দিলেন স্থানীয়রা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত ডুপ্লেক্স বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর জামতলা…

নড়াইলে কৃষকদল ও জাসাস নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল শোডাউন চলাকালে অতর্কিত হামলায় বিএনপির সহযোগী সংগঠন কৃষকদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ…

সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩ উৎক্ষেপণ করল পাকিস্তান

সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৩’-এর সফল উৎক্ষেপণের দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ…

লকডাউনের চাপে অচল খুলনা-ঢাকা বাস যোগাযোগ

নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর লকডাউনকে সামনে রেখে…

বিএলএর নতুন প্রধান রহমান গুল, ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন

পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংগঠনটির নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন রহমান গুল। গত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au