গাজীপুর মহানগর পুলিশের একটি গাড়িতে আগুন। ছবি : সংগৃহীত
ভাস্কর দত্ত :
রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর, কুমিল্লা, চট্টগ্রাম—দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষ। কোথাও পুড়ছে বাস, কোথাও রাজনৈতিক কার্যালয়, কোথাও পুলিশের থানা ও যানবাহন। প্রাণহানির ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।
গত কয়েক দিনে দেশের অন্তত ২৮ জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে অন্তত ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৫৭টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।
রাজধানীর রমনা, মহাখালী, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মতিঝিল, খিলগাঁও ও বনানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রামপুরা, বাড্ডা, পল্লবী ও মহাখালীতে বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। ঢাকার বাইরে পিরোজপুরে বাসে আগুনে প্রাণ হারিয়েছেন এক হেলপার। ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষের মধ্যে প্রাণ গেছে বিএনপির স্থানীয় এক নেতার।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় আগুনে পুড়তে দেখা যায় বাড়ি ও গাড়ি। ছবি : ভিডিও থেকে নেওয়া
সবচেয়ে উত্তপ্ত গোপালগঞ্জ
দেশের চলমান অস্থিরতার কেন্দ্রে রয়েছে গোপালগঞ্জ। বিশেষ করে টুঙ্গিপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের একপর্যায়ে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশের আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আহত হয়েছেন অন্তত সাত পুলিশ সদস্য।
বুধবারও গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ অব্যাহত রাখেন আন্দোলনকারীরা। কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের অফিসে ভাঙচুরের খবর পাওয়া গেছে। জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার প্রভাব পড়েছে সাধারণ মানুষের চলাচলে।

রাতে তিতুমীর কলেজের সামনে বাসে আগুন। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা
চলমান পরিস্থিতিতে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি মোকাবিলায় কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শেষে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। প্রত্যেককে আত্মবিশ্বাস নিয়ে রাজনৈতিক মাঠে কাজ করতে হবে। জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় বসিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই সবাইকে কাজ করতে হবে।
এ ছাড়া প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তাঁকে জানানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। চলমান পরিস্থিতিতে দলীয় সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও বলেন তিনি।
এর আগে গোপালগঞ্জসহ ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের সংসদ সদস্যদের নিয়ে বৈঠকেও নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাজপথে অরাজকতা ও নাশকতা সৃষ্টি হলে সরকার ও দল তা মোকাবিলা করবে বলে তিনি জানিয়েছিলেন।

সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
কঠোর অবস্থানের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার অতিরিক্ত বলপ্রয়োগ করতে চায় না। এ কারণে ধৈর্য ধারণ করছে। তবে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থানায় হামলা, অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণের ঘটনায় ভিডিও ফুটেজ ও ছবি সংরক্ষিত রয়েছে। সেগুলো পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে। প্রত্যেককে আইনের আওতায় আনার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।
মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের শনাক্ত করা হচ্ছে। এলাকায় যৌথবাহিনী মোতায়েন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
১৯ নভেম্বরের কর্মসূচি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে সহিংসতা ও নাশকতা কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানান।

মঙ্গলবার রাতে ঢাকায় একটি বাসে আগুন দিয়েছে কে বা কারা। ছবি : সংগৃহীত
নিরাপত্তা জোরদার, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। পুলিশের মহাপরিদর্শক দেশের ৬৪ জেলার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নজরদারি, টহল ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন।
রাজধানীতে চেকপোস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মোবাইল ও মোটরসাইকেল টহল জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনের ৭১ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ডিএমপি।
অন্যদিকে, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েনের খবর পাওয়া গেছে।

টুঙ্গিপাড়য় পুড়েছে পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল। ছবিঃ সংগৃহীত
সামনে কী অপেক্ষা করছে?
১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে উদ্বেগ রয়েছে। একদিকে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ; অন্যদিকে রাজনৈতিক পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনও অব্যাহত রয়েছে। ফলে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড ও জনজীবনেও চাপ তৈরি হচ্ছে।
সরকার বলছে, নাশকতা ও সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে অতিরিক্ত বলপ্রয়োগ না করার নীতিও বজায় রাখতে চায় সরকার। এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা। ১৯ নভেম্বরকে ঘিরে সেই চ্যালেঞ্জ আরও বড় হয়ে উঠেছে।