থানার কার্যক্রম বন্ধ, টুঙ্গিপাড়া যেন এক যুদ্ধ বিধ্বস্ত নগরী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্ধ রয়েছে পুলিশের কার্যক্রম। হামলার সময় প্রাণ বাঁচাতে থানা ছেড়ে চলে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। আগুনে…
অস্ট্রেলিয়ার নাগরিককে বিয়ে করলেই স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পাওয়া যাবে না। নাগরিকত্ব পেতে বিদেশি স্বামী বা স্ত্রীকে নির্দিষ্ট সময় অস্ট্রেলিয়ায় বৈধভাবে বসবাসসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থায়ী বাসিন্দাদের জন্য নির্ধারিত চার বছরের বসবাসের নিয়ম বিদেশি স্বামী-স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। তবে এই চার বছরের মধ্যে অন্তত শেষ ১২ মাস স্থায়ী বাসিন্দা হিসেবে থাকতে হবে।
১৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নাইজেরিয়াভিত্তিক সংবাদমাধ্যম লেজিট ডট এনজি। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্বের আবেদন করার আগে বিদেশি স্বামী বা স্ত্রীকে প্রথমে সঙ্গী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধু বিয়ের কারণে নাগরিকত্ব পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। এ ক্ষেত্রে নাগরিকত্ব পাওয়ার জন্য আলাদা কোনো দ্রুত প্রক্রিয়াও চালু নেই।
সঙ্গী ভিসার মাধ্যমে শুরু হবে প্রক্রিয়া
অস্ট্রেলিয়ার কোনো নাগরিককে বিয়ে করা বিদেশি নাগরিকদের প্রথমে সঙ্গী ভিসার জন্য আবেদন করতে হবে। এ ক্ষেত্রে অস্থায়ী সঙ্গী ভিসা (সাবক্লাস ৮২০) এবং স্থায়ী সঙ্গী ভিসা (সাবক্লাস ৮০১) একসঙ্গে আবেদন করার সুযোগ রয়েছে। দুটি ভিসার আবেদন ফিও একই সময়ে পরিশোধ করতে হয়।
অস্থায়ী সাবক্লাস ৮২০ ভিসার মাধ্যমে আবেদনকারী স্থায়ী ভিসার সিদ্ধান্ত না আসা পর্যন্ত অস্ট্রেলিয়ায় বসবাস করতে পারবেন। অন্যদিকে, স্থায়ী ভিসার যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে মূল আবেদন জমা দেওয়ার তারিখ থেকে সময় গণনা করা হয়। সাধারণত মূল আবেদন জমা দেওয়ার দুই বছর পর স্থায়ী ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়। এরপর সাবক্লাস ৮০১ ভিসা অনুমোদিত হলে আবেদনকারী অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান।
নাগরিকত্ব পেতে চার বছরের বসবাসের শর্ত
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, নাগরিকত্বের আবেদন করার ঠিক আগের চার বছর আবেদনকারীকে বৈধ ভিসা নিয়ে দেশটিতে বসবাস করতে হবে। তবে এই চার বছরের মধ্যে আবেদনের আগের শেষ ১২ মাস অবশ্যই স্থায়ী বাসিন্দা হিসেবে কাটাতে হবে।
এ ছাড়া চার বছরের পুরো সময়ে অস্ট্রেলিয়ার বাইরে অবস্থানের মোট সময় ১২ মাসের বেশি হওয়া যাবে না। একইভাবে নাগরিকত্বের আবেদনের আগের শেষ ১২ মাসে দেশের বাইরে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে।
এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, চার বছরের বসবাসের সময় গণনার মধ্যে অস্থায়ী সাবক্লাস ৮২০ ভিসায় কাটানো সময়ও অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার পর নাগরিকত্বের জন্য নতুন করে আরও চার বছর অপেক্ষা করতে হবে না। বরং অস্থায়ী ও স্থায়ী ভিসায় বৈধভাবে বসবাসের সময় মিলিয়েই চার বছরের শর্ত পূরণ করা সম্ভব।
কত দিনে নাগরিকত্বের আবেদন করা যাবে
সাধারণ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার নাগরিককে বিয়ে করা বিদেশি স্বামী বা স্ত্রীর নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে অস্থায়ী সাবক্লাস ৮২০ ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করতে হবে। সাধারণত দুই বছর পর স্থায়ী সাবক্লাস ৮০১ ভিসার জন্য যোগ্যতা তৈরি হয়।
এরপর অস্ট্রেলিয়ায় বৈধভাবে বসবাসের চার বছর পূর্ণ হলে নাগরিকত্বের আবেদন করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে শেষ ১২ মাস স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস এবং দেশের বাইরে অবস্থানের নির্ধারিত সময়সীমা মেনে চলতে হবে। অর্থাৎ শুধু চার বছর পূর্ণ হলেই নাগরিকত্ব নিশ্চিত হবে না, আবেদনকারীকে অন্যান্য যোগ্যতাও পূরণ করতে হবে।
তবে ব্যক্তিগত পরিস্থিতি ও বিশেষ কিছু ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম বা অতিরিক্ত বিবেচনার সুযোগ থাকতে পারে। তাই নাগরিকত্বের আবেদন করার আগে আবেদনকারীদের অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকা ‘রেসিডেন্স ক্যালকুলেটর’ ব্যবহার করে নিজেদের বসবাসের সময় ও নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ায় ১২৭ পেশায় কর্মীর ঘাটতি
এদিকে অস্ট্রেলিয়ায় দক্ষ কর্মীর চাহিদা নিয়েও প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। দেশটির সংস্থা জবস অ্যান্ড স্কিলস অস্ট্রেলিয়ার শনাক্ত করা তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১২৭টি পেশায় দীর্ঘদিন ধরে কর্মীর ঘাটতি রয়েছে।
এসব ঘাটতিপূর্ণ পেশার প্রায় ৯০ শতাংশের মধ্যে রয়েছে বিভিন্ন কারিগরি পেশার কর্মী, পেশাজীবী এবং দক্ষ শ্রমিক। ফলে দেশটিতে দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ ও চাহিদা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au