বাংলাদেশ

এমপি জিলানীসহ স্বজনদের ১৫ বাড়িতে আগুন

থানার কার্যক্রম বন্ধ, টুঙ্গিপাড়া যেন এক যুদ্ধ বিধ্বস্ত নগরী

থানায় হামলা-অগ্নিসংযোগের পর উধাও পুলিশ সদস্যরা, পুড়েছে পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল; অস্ত্র নিয়ে সড়কে মহড়া, ছয় স্থানে অবরোধ

  • 9:30 pm - November 18, 2026
  • পঠিত হয়েছে:১৬ বার
টুঙ্গিপাড়য় পুড়েছে পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল। ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্ধ রয়েছে পুলিশের কার্যক্রম। হামলার সময় প্রাণ বাঁচাতে থানা ছেড়ে চলে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। আগুনে থানার দুই তলা ভবনের সব কক্ষ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। পুড়ে গেছে পুলিশের নয়টি সরকারি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল।

অন্যদিকে একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতি দক্ষিণপাড়ার বাড়িসহ তাঁর আত্মীয়স্বজনের অন্তত ১৫টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়িগুলোতে আগুন দেওয়ার আগে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।

এদিকে বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মহড়া এবং সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, টুঙ্গিপাড়ার পাটগাতিতে সংসদ সদস্য এস এম জিলানীর পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল। মধুমতী নদীর তীরে অবস্থিত আড়াই তলা পাকা বাড়িটির আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। বাড়ির ভেতরে কোনো কিছুই অক্ষত নেই। পাশেই থাকা তাঁর পৈতৃক টিনের ঘরটিও ভাঙচুরের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় আগুনে পুড়তে দেখা যায় বাড়ি ও গাড়ি। ছবি : ভিডিও থেকে নেওয়া

সংসদ সদস্যের বাড়ির পাশাপাশি তাঁর চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়িসহ আত্মীয়স্বজনের আরও ১৪টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব বাড়ির বেশিরভাগই টিনের তৈরি।

সংসদ সদস্যের মেজো ভাই এস এম হায়দার আলী বলেন, বাড়িতে তাঁর তিন বোন এবং তাঁদের ছেলেমেয়েরা ছিলেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে কয়েকশ লোক লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দিকে এগিয়ে আসেন। এ সময় প্রাণভয়ে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

সংসদ সদস্যের বড় বোন সেতারা কবির অভিযোগ করেন, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে দুটি ফ্রিজ, তিনটি ওভেন এবং ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে।

হায়দার আলীর অভিযোগ, মঙ্গলবার রাতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার থেকে পাঁচশ নেতাকর্মী মিছিল নিয়ে তাঁদের বাড়িতে আসেন। প্রথমে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে বিভিন্ন স্থাপনায় পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, তাঁর ছোট বোনের ১০ ভরি এবং ভাগনির আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে হামলাকারীরা। এ ছাড়া পাঁচটি ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, ওভেনসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকান্দার শেখ জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে যেতে পারেননি। কারণ, ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই একদল লোক বিক্ষোভ করছিলেন। পরে রাত ৯টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সংসদ সদস্যের বাড়িতে পৌঁছায়। বুধবার রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।

আগুনে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে বিক্ষোভকারীদের বাধার কারণে টুঙ্গিপাড়া থানায় দেওয়া আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা যেতে পারেননি বলে জানান এই কর্মকর্তা।

থানার কার্যক্রম বন্ধ, নিরাপদ স্থানে পুলিশ

মঙ্গলবার সন্ধ্যায় থানায় হামলা ও অগ্নিসংযোগের পর থেকে টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে থানায় গিয়ে কোনো পুলিশ সদস্যকে পাওয়া যায়নি। পাশের পুলিশ অফিসার্স মেস থেকে জিনিসপত্র নিয়ে ভ্যানে করে চলে যেতে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্যকে।

টুঙ্গীপাড়া থানায় আগুন দিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

ভ্যানে থাকা মালামালের মধ্যে সরকারি আগ্নেয়াস্ত্র ও পুলিশের হেলমেটও দেখা গেছে। এ সময় পুলিশ সদস্যরা সাদা পোশাকে ছিলেন।

একাধিক পুলিশ সদস্য জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তবে তাঁরা কোথায় যাচ্ছেন বা তাঁদের পরবর্তী অবস্থান কোথায় হবে, সে বিষয়ে কিছু জানাননি।

পুলিশ সদস্যদের অভিযোগ, হামলার সময় থানার ভেতর থেকে সরকারি অস্ত্র, কম্পিউটার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র লুট করা হয়েছে। আগুনে দুই তলা থানা ভবনের সব কক্ষ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।

আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে থানায় হামলা

স্থানীয় একাধিক সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশের একটি দল টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরের আশপাশ থেকে  ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় একটি দোকানে ক্যারম খেলতে থাকা কয়েকজন স্থানীয় তরুণকেও আটক করে মোটরসাইকেলে তুলে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার জন্য স্থানীয় লোকজন পুলিশের কাছে অনুরোধ জানিয়েছিলেন। তবে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। পরে সন্ধ্যার পর বঙ্গবন্ধুর সমাধিসৌধের ১ নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে তল্লাশি চালায় পুলিশ।

অন্যদিকে আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে স্থানীয় কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয়। একপর্যায়ে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

স্থানীয় সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, আটক নেতাকর্মীদের ছেড়ে দেওয়া হলে বিক্ষোভ না করার বিষয়ে পুলিশের কাছে বার্তা দেওয়া হয়েছিল। তবে একপর্যায়ে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।

পরে বিক্ষোভকারীরা আটক ব্যক্তিদের মুক্তি না দিলে থানা ঘেরাও করার ঘোষণা দেন। সন্ধ্যা সাতটার দিকে তাঁরা টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হন। একপর্যায়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান।

সংসদ সদস্যের বাড়িসহ বিএনপি নেতাদের বাড়িতে আগুন

থানায় হামলা ও অগ্নিসংযোগের পর মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ির দিকে যান। সেখানে প্রথমে বাড়ির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে অগ্নিসংযোগ করা হয়।

এস এম জিলানীর বাড়ির পাশাপাশি পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম এবং উপজেলা কৃষক দলের সভাপতি সাহিদ ইমামের ঘরেও আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংসদ সদস্যের ভাই হায়দার আলী বলেন, কয়েকশ লোক মিছিল নিয়ে এসে তাঁদের বাড়িতে হামলা চালায়। বাড়ির বিভিন্ন জিনিসপত্র লুট করার পর ভাঙচুর চালানো হয়। পরে আগুন দেওয়া হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় পরিবারের সদস্যরা প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় তাঁদের জীবন রক্ষা হয়েছে। তবে বাড়িঘর ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।

ছয় স্থানে সড়ক অবরোধ, অস্ত্র নিয়ে মহড়া

এদিকে বুধবার সকাল থেকে গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। ছবিঃ প্রথম আলো

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। একই সঙ্গে রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে আওয়ামী লীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারে গিয়ে দেশীয় অস্ত্র হাতে কয়েকজনকে মহড়া দিতে দেখা যায়। সড়ক অবরোধে অংশ নেওয়া কয়েকজন যুবকের সঙ্গে কথা হয়। তাঁরা নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন কমিটির পদে রয়েছেন বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে তাঁদের একজন বলেন, ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি বাস্তবায়নের জন্য তাঁরা মাঠে রয়েছেন।

বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোটরসাইকেলে পাটগাতি বাজার ছাড়াও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গিমাডাঙ্গা ও কুশলী এলাকা ঘুরে দেখা যায়, এসব স্থানেও সড়ক অবরোধ করে নেতাকর্মীরা অবস্থান করছেন। পাটগাতি থেকে গিমাডাঙ্গার দূরত্ব প্রায় তিন কিলোমিটার এবং কুশলীর দূরত্ব প্রায় ছয় কিলোমিটার।

সড়ক অবরোধের ছবি তুলতে বাধা না দিলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বলে জানা গেছে।

এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের খালেকবাজার, সিঙ্গিপাড়া ও মালেকবাজার এলাকাতেও অবরোধ করা হয়েছে। ফলে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সূত্রঃ প্রথম আলো, সমকাল

এই শাখার আরও খবর

কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়। বুধবার (১৮…

নবাবগঞ্জে দরবার ও মসজিদে হামলার অভিযোগ, ২১ নভেম্বরের সমাবেশ বন্ধের দাবি মানবাধিকার সংস্থার

ঢাকার নবাবগঞ্জে একটি পরিবারের বসতবাড়ি, মসজিদ ও দরবার শরিফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস…

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার তদন্ত চায় জাতিসংঘ, শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকারের কথাও তুলে ধরেছে সংস্থাটি। তবে বাংলাদেশে…

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার…

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ, ১৫ দিনের সময় বেঁধে দিলেন আইনজীবী

ভারতে অবস্থানরত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের…

যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা নেটওয়ার্ক অচল, জরুরি কর্মী ছাড়া বন্ধ সদর দপ্তর

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় কম্পিউটার নেটওয়ার্ক ‘এনএসএনেট’ অচল হয়ে পড়েছে। এ ঘটনায় সংস্থাটির অধিকাংশ কর্মীর জন্য সদর দপ্তর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au