থানার কার্যক্রম বন্ধ, টুঙ্গিপাড়া যেন এক যুদ্ধ বিধ্বস্ত নগরী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্ধ রয়েছে পুলিশের কার্যক্রম। হামলার সময় প্রাণ বাঁচাতে থানা ছেড়ে চলে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। আগুনে…
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার ছয় তরুণ নিখোঁজ হয়েছেন। তাঁদের সঙ্গে একই নৌকায় থাকা মাসুম মিয়া নামে এক তরুণ দুই দিন সাগরে ভেসে প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। তিন দিন আগে পরিবারের সঙ্গে ফোনে কথা বলে তিনি নৌকাডুবির ঘটনা জানান। এরপর থেকেই নিখোঁজ ছয় তরুণের পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর দালালদের মাধ্যমে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন মাধবপুর ও লাখাই উপজেলার সাত তরুণ। তাঁদের বহনকারী নৌকাটি ছিল বাতাসে ফোলানো রাবারের তৈরি। এতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। ভূমধ্যসাগরের মাঝপথে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সাগরে পড়ে যান।
সাত তরুণের মধ্যে শুধু মাসুম মিয়া প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছাতে সক্ষম হয়েছেন। তাঁর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামে। নৌকাডুবির পর প্রায় দুই দিন সাগরে ভেসে থাকার একপর্যায়ে তিনি অচেতন অবস্থায় সাগরের তীরে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গ্রিসে পৌঁছাতে সক্ষম হন।
নিখোঁজ ছয় তরুণ হলেন মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের পাভেল মিয়া ও আতাউর মিয়া, কাউড়া গ্রামের আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের সাগর মিয়া এবং লাখাই উপজেলার আবুল মিয়া। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মাসুমের বাবা মারাজ মিয়া ছেলের বরাত দিয়ে জানান, নৌকাটি সাগরের মাঝপথে পৌঁছানোর পর হঠাৎ ছিদ্র হয়ে যায়। দ্রুত পানি ঢুকতে থাকায় যাত্রীরা বিপদের মুখে পড়েন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সবাই সাগরে পড়ে যান। তাঁর ছেলে ঢেউয়ের মধ্যে ভেসে থাকার চেষ্টা করেন। দুই দিন পর অচেতন অবস্থায় সাগরের তীরে পৌঁছালে স্থানীয় লোকজন তাঁকে সহায়তা করেন।
মাসুমের কাছ থেকে দুর্ঘটনার খবর জানার পর তাঁর বাবা নিখোঁজ ছয় তরুণের পরিবারকে বিষয়টি জানান। এরপর ১৫ দিন পেরিয়ে গেলেও তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি। দালালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন স্বজনেরা। একই নৌকায় থাকা ছয় তরুণের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজ তরুণদের পরিবারের সদস্যরা জানান, গ্রিসে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দালাল চক্র প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে। কেউ জমিজমা বিক্রি করে, আবার কেউ উচ্চ সুদে ঋণ নিয়ে এই টাকা জোগাড় করেছেন। তাঁদের আশা ছিল, ছেলেরা ইউরোপে পৌঁছে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করবেন। কিন্তু এখন সেই স্বপ্নের বদলে সন্তানদের জীবন নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাঁদের।
পুরাইকলা গ্রামের নিখোঁজ পাভেল মিয়ার বাবা নুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এমন জানলে ভিক্ষা করে খেতাম, ছেলেকে বিদেশ দিতাম না। এখন ছেলে জীবিত না মৃত, কোনো খোঁজ পাচ্ছি না। সরকার সহযোগিতা না করলে আমরা কই যাব?’
বাঘাসুরা গ্রামের নিখোঁজ নাঈম মিয়ার বাবা হবিব মিয়া বলেন, ‘আজ সবকিছু হারাতে বসেছি। ছেলেকে আর দেখতে পারব কি না, আল্লাহ জানেন।’ তিনি আরও জানান, দালালদের ঠিকানা সম্পর্কেও তাঁরা কিছু জানেন না।
স্বজনেরা জানান, নৌকাডুবির খবর পাওয়ার পর থেকে ঢাকায় অবস্থানরত দালালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তাঁরা। কিন্তু তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কোথায় গেলে বা কার কাছে গেলে নিখোঁজ সন্তানদের সন্ধান পাওয়া যাবে, তা নিয়েও দিশাহারা পরিবারগুলো।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, নিখোঁজ যুবকদের সন্ধান পেতে তাঁদের পরিবারকে যথাযথ প্রক্রিয়ায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আনুষ্ঠানিক আবেদন পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের খোঁজ নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au