থানার কার্যক্রম বন্ধ, টুঙ্গিপাড়া যেন এক যুদ্ধ বিধ্বস্ত নগরী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্ধ রয়েছে পুলিশের কার্যক্রম। হামলার সময় প্রাণ বাঁচাতে থানা ছেড়ে চলে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। আগুনে…
ঢাকার নবাবগঞ্জে একটি পরিবারের বসতবাড়ি, মসজিদ ও দরবার শরিফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (HRCBM)। একই সঙ্গে আগামী ২১ নভেম্বর নবাবগঞ্জের কোমরগঞ্জ মাঠে আয়োজিত একটি সমাবেশ বন্ধের দাবি জানিয়েছে সংস্থাটি। তাদের আশঙ্কা, ওই সমাবেশকে কেন্দ্র করে নতুন করে সহিংসতা ও নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন HRCBM-এর বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক অ্যাডভোকেট লাকী বাছাড়। এ সময় উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব গবেষক ও লেখক ড. মোহাম্মদ আবদুল হাই, সংগঠনটির উপদেষ্টা অনিল পাল, সমীর চন্দ্র মিত্র, রিপন চন্দ্র দাস, দুলাল সরদারসহ সংগঠনের অন্য সদস্যরা। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কয়েকজন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের রামনাথপুরে মোহাম্মদ বরকত উল্লাহ খানের পরিবারের বসতবাড়ি, দরবার-এ-এলাহী জামে মসজিদ ও নকশবন্দিয়া দরবার শরিফে ২০২৪ সালের ৭ আগস্ট হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা প্রাণনাশের হুমকি ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এ কারণে তাঁদের স্বাভাবিক জীবনযাপন এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনাও বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর মো. আবদুল্লাহ খান HRCBM-এর কাছে লিখিত আবেদন করেন। তিনি নিজেকে প্রয়াত হযরত মোহাম্মদ বরকত উল্লাহ খানের ছেলে পরিচয় দিয়ে পরিবারের নিরাপত্তা এবং তাঁদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করার আবেদন জানান।
আবেদনে দেওয়ানি মামলা নম্বর ৬/২৪, সিআর মামলা নম্বর ৩৩৩/১৫ এবং নবাবগঞ্জ থানার মামলা নম্বর ১০(১২)২৪ ও ১০(৬)২৫-এর উল্লেখ রয়েছে। অভিযোগে বলা হয়, আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায়ও স্থাপনায় ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনার বিচার এখনো হয়নি বলে দাবি ভুক্তভোগীদের।

নবাবগঞ্জে দরবার ও মসজিদে হামলার অভিযোগ। ছবিঃ সংগৃহীত
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ওই মামলাগুলোর এজাহারভুক্ত আসামিদের উদ্যোগে আগামী ২১ নভেম্বর নবাবগঞ্জের কামারগাঁও মাঠে একটি বড় সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে। এই সমাবেশে মোহাম্মদ বরকত উল্লাহ খানের অনুসারীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি তোলা হতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ নতুন করে উত্তেজনা, সহিংসতা ও প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে।
HRCBM জানায়, গত ১২ নভেম্বর সংগঠনটির একটি প্রতিনিধি দল নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় রামনাথপুরের ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনে দরবার শরিফের প্রধান ফটক দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান তাঁরা। ওই এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে বলেও দাবি করা হয়।
পরিদর্শনের পর প্রতিনিধি দল নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সাক্ষাৎ করে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।
সংস্থাটির দাবি, ২১ নভেম্বর কোমরগঞ্জ মাঠে সমাবেশ আয়োজনের বিষয়টি ইউএনও ও ওসিকে জানানো হলে তাঁরা জানান, এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়নি এবং তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত নন।
পরে ঘটনাটি জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়। পাশাপাশি বিভাগীয় কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত আলোচনা করা হয়। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শকের কাছেও লিখিত আবেদন জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে HRCBM ছয় দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে, ২১ নভেম্বর কোমরগঞ্জ মাঠে অনুষ্ঠেয় সমাবেশ বন্ধ করা, রামনাথপুরের দরবার-এ-এলাহী জামে মসজিদ ও নকশবন্দিয়া দরবার শরিফে পুলিশ মোতায়েন এবং নিয়মিত টহলের ব্যবস্থা করা। একই সঙ্গে মোহাম্মদ বরকত উল্লাহ খানের পরিবারের নিরাপদে বসবাস এবং মসজিদে নির্বিঘ্নে নামাজ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, মসজিদ ও দরবার শরিফের আর্থিক ক্ষতিপূরণ এবং সংস্কারের দাবি জানায় সংগঠনটি। অতীতের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা, ঘটনাস্থলের স্থাপনাগুলো পরিদর্শন, আদালতের কার্যকর আদেশ বাস্তবায়ন এবং ধর্মীয় কার্যক্রম স্বাভাবিক করতে প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে HRCBM। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। দেশের আটটি বিভাগের ৬৪টি জেলায় এসব ঘটনা ঘটেছে বলে দাবি সংগঠনটির।
এসব ঘটনার মধ্যে ২৮৬টি হত্যা ও রহস্যজনক মৃত্যু, ৪০৭টি অপহরণ ও শারীরিক নির্যাতন, ৬৩টি যৌন সহিংসতা ও ধর্ষণ, ২৫১টি মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা এবং ৪০৮টি সম্পত্তিতে হামলা, ভূমি দখল, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা রয়েছে।
এ ছাড়া ১৪টি জেলায় ধর্ম অবমাননাসংক্রান্ত ৩০টি ঘটনার তথ্য নথিভুক্ত করার কথা জানিয়েছে সংগঠনটি।
HRCBM-এর পর্যবেক্ষণ অনুযায়ী, এসব ঘটনার কারণে সংখ্যালঘু পরিবারগুলো নিরাপত্তাহীনতা, ভয়ভীতি, সম্পত্তি হারানো এবং বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সামাজিক বাধা, প্রতিশোধের ভয় এবং অভিযোগ জানাতে অনীহার কারণে প্রকৃত ঘটনার সংখ্যা আরও বেশি হতে পারে বলেও মনে করে সংগঠনটি।
এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের নিরাপত্তা, সমান আইনি সুরক্ষা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছে HRCBM। প্রয়োজনে বিচার বিভাগীয় কমিশন গঠন করে প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে অ্যাডভোকেট লাকী বাছাড় বলেন, দাবিগুলো কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়; বরং মানবাধিকার, নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে। কোনো ব্যক্তির ধর্মীয় মতপার্থক্যের কারণে তাঁর নিরাপত্তা, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন করা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, রামনাথপুরের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ২১ নভেম্বরের সমাবেশ ঘিরে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে প্রশাসনকে আগাম কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, HRCBM জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) বিশেষ পরামর্শমূলক মর্যাদাপ্রাপ্ত একটি মানবাধিকার সংগঠন। মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার কথা জানিয়েছে তাঁরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au