চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি
খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…
মিসরের রাজধানী কায়রোর একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে তেলবাহী একটি ট্রাক উল্টে আগুন ধরে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, কায়রোর বৃহত্তর সড়ক যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। গিজা গভর্নরেটের ইমবাবা জেলার আল-ওয়ারাক এলাকায় একটি টানেলের ওপরের সড়কে ট্রাকটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। ট্রাকটিতে পেট্রোলিয়ামজাত পণ্য বহন করা হচ্ছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলন্ত অবস্থায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের বিভাজকে ধাক্কা দেয়। এরপর সেটি উল্টে গেলে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় মোট ২৭টি যানবাহন পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনার পরপরই উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। আহত ব্যক্তিদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার নিজে দুর্ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেও কাজ করছে মন্ত্রণালয়।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউটর। নিহতদের পরিচয় শনাক্ত করতে তাঁদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশও দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ট্রাকটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মিসরের প্রেসিডেন্টের সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন তিনি।
কায়রো, গিজা ও কালিউবিয়া গভর্নরেটের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে সংযোগ স্থাপন করেছে রিং রোডটি। রাজধানী ও আশপাশের এলাকার যান চলাচলে এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে ব্যস্ত এই সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি ব্যাপক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্রঃ আল জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au