চাঁদা না পেয়ে ফার্মেসি বন্ধের হুমকি, পুলিশের পাহারায় খোলার পর গুলি
খুলনার টুটপাড়ায় চাঁদা দাবির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকা চয়নিকা ফার্মেসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পাহারায় ফার্মেসি চালুর ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা…
গণতন্ত্র, মানবিক মর্যাদা এবং মহান মুক্তিযুদ্ধের আদর্শ যাঁদের রাজনীতির মূল ভিত্তি, সেই সব মুক্তমনা ও প্রগতিশীল মানুষের কাছে ২৭ নভেম্বর এক গভীর বেদনা, শোক ও প্রতিবাদের দিন। ১৯৯০ সালের এই দিনে স্বৈরশাসনবিরোধী গণআন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় সামরিক জান্তার লেলিয়ে দেওয়া ঘাতকদের গুলিতে প্রাণ হারান সাহসী চিকিৎসক, মেধাবী শিক্ষক ও দক্ষ সংগঠক ডা. শামসুল আলম খান মিলন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে তিনি এমন এক শোষণমুক্ত, আধুনিক ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা হবে সর্বোচ্চ।
ডা. মিলনের এই আত্মদান তৎকালীন চলমান গণআন্দোলনে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তাঁর শাহাদাতের মাত্র নয় দিনের মাথায় ছাত্র-জনতার আন্দোলন ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পতন ঘটে দীর্ঘ নয় বছরের স্বৈরাচার এরশাদ সরকারের। প্রশস্ত হয় দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ। ডা. মিলন আজও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হয়ে এ দেশের মুক্তিকামী মানুষের চেতনায় ভাস্বর হয়ে আছেন। পেশাগত জীবনের বাইরেও তিনি ছিলেন একজন দূরদর্শী ও প্রগতিশীল সমাজচিন্তক। সমাজ কাঠামোর ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশে একটি আধুনিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা গঠন করাই ছিল তাঁর আজীবনের লালিত স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়েই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন।
ডা. মিলন বাংলাদেশের পেশাজীবী আন্দোলনের ইতিহাসে একজন কিংবদন্তিতুল্য সংগঠক ছিলেন। চিকিৎসা সেবার মাধ্যমে আর্তমানবতার কল্যাণে নিবেদিত থাকার পাশাপাশি পেশাজীবীদের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে তিনি সবসময়ই ছিলেন সামনের সারিতে। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসকদের সমন্বিত সংগঠন ‘প্রকৃচি’র আন্দোলনকে তিনি তাঁর প্রাণের বিনিময়ে গৌরবান্বিত করে গিয়েছেন। তৎকালীন বিএমএ’র নির্বাচিত যুগ্ম সম্পাদক, ঢাকা মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ এবং ঢাকা মেডিক্যাল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক হিসেবে মেধা, সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতায় তিনি ছিলেন অনন্য ও অপ্রতিদ্বন্দ্বী।
তৎকালীন সরকারের গণবিরোধী স্বাস্থ্যনীতি বাতিল এবং চিকিৎসকদের ন্যায্য ২৩ দফা দাবি বাস্তবায়নের আন্দোলন করতে গিয়ে একপর্যায়ে দেশের বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করতে হয়েছিল ডা. মিলনকে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, পেশাজীবীরা যেহেতু রাষ্ট্রের নীতিনির্ধারণ, অবকাঠামো গঠন এবং সরাসরি জনসেবায় যুক্ত থাকেন, তাই দেশের রাজনৈতিক ও সামগ্রিক পরিবর্তনে তাঁদের নিয়ামক ভূমিকা অপরিহার্য। তাঁর এই প্রগতিশীল ও আপসহীন চিন্তা-চেতনাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্যই তিনি সেদিন স্বৈরাচারের প্রধান টার্গেটে পরিণত হয়েছিলেন—ঠিক যেভাবে ১৯৭১ সালে স্বাধীনতাকামী বাঙালি জাতিকে মেধাশূন্য করতে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা।
অথচ কী নির্মম পরিহাস এ দেশের ইতিহাসের! যাঁর তাজা রক্তের বিনিময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন চূড়ান্ত সাফল্য পেল, দেশে গণতন্ত্রের পথ সুগম হলো, তাঁর মৃত্যুর দীর্ঘ ৩৬ বছর পেরিয়ে গেলেও সেই ডা. মিলন হত্যাকাণ্ডের বিচার আজও আলোর মুখ দেখেনি। বিচারহীনতার এই দীর্ঘ সংস্কৃতি আমাদের গণতান্ত্রিক ও আইনি ব্যবস্থার এক বড় ব্যর্থতা হিসেবেই চিহ্নিত হয়ে আছে।
সময়ের পরিক্রমায় আজকের বাংলাদেশে দাঁড়িয়ে ডা. মিলনের আত্মত্যাগ ও স্বপ্ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বহুমাত্রিক মূল্যায়ন রয়েছে।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের গণতান্ত্রিক অভিযাত্রা আবারও নতুন করে শৃঙ্খলিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনার যে অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন ডা. মিলন দেখেছিলেন, বর্তমানে সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও মুছে ফেলার নানা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
বর্তমান প্রেক্ষাপটে ‘মব সন্ত্রাস’ ও ভয়ের সংস্কৃতির মাধ্যমে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। গণতন্ত্রের মূল সৌন্দর্য হলো বহুমতের সহাবস্থান ও অবাধ রাজনৈতিক চর্চা; অথচ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে কার্যত দেশের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকেই নির্বাসনে পাঠানো হয়েছে বলে গণতন্ত্রকামী ও প্রগতিশীল মানুষের অভিযোগ।
—আজ যখন গণতন্ত্রের পরিসর, বহুমতের চর্চা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নানামুখী টানাপোড়েন চলছে, তখন ডা. মিলনের আত্মত্যাগ আমাদের বিবেকের সামনে আরও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যে অসাম্প্রদায়িক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য তিনি জীবন দিয়েছিলেন, তা ফিরিয়ে আনতে হলে ভয় ও বিভাজনের রাজনীতি পেরিয়ে সত্য ও ন্যায়ের পথেই এগোতে হবে। ডা. মিলনের প্রতিটি শাহাদাত বার্ষিকীতে তাই মুক্তিকামী মানুষের হৃদয়ে নতুন করে জেগে ওঠে সেই অমোঘ প্রত্যাশা—কবে অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পাবে, বিচারহীনতার সংস্কৃতি দূর হবে এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ বাস্তবে রূপ নেবে?
মানিক লাল ঘোষ; সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক; সাবেক সহ-সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au